Dhaka Mail Logo

সারাদেশ

রাজবাড়ী–কুষ্টিয়া মহাসড়কে বাস–মাহেন্দ্র সংঘর্ষে চালক নিহত, আহত ৫

জেলা প্রতিনিধি

০৩ আগস্ট ২০২৬, ০৫:৩৭ পিএম

রাজবাড়ী–কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালীর পাইকারা মোড়ে যাত্রীবাহী বাস ও মাহেন্দ্র (তিন চাকার যান) মুখোমুখি সংঘর্ষে মাহেন্দ্রচালক নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের চারজনসহ পাঁচ যাত্রী আহত হয়েছেন।

সোমবার (৩ আগস্ট) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহমান বাবলু (৫৫) কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়নের করদি গ্রামের মৃত সাদেক আলী শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে রাজবাড়ীগামী একটি যাত্রীবাহী মাহেন্দ্র কালুখালীর পাইকারা মোড়ে পৌঁছালে বাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহেন্দ্রটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক বাবলুর মৃত্যু হয়। এ সময় মাহেন্দ্রে থাকা পাঁচ যাত্রী আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শরিফুল ইসলাম বলেন, হাসপাতালে আনার আগেই মাহেন্দ্রচালকের মৃত্যু হয়েছিল। আহত পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খবর পেয়ে পাংশা হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যান দুটি উদ্ধার করে।

পাংশা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) নিলোৎপল বলেন, দুর্ঘটনার ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

দুর্ঘটনার পর কিছুসময় মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটলেও পরে হাইওয়ে পুলিশের তৎপরতায় যান চলাচল স্বাভাবিক হয়।

প্রতিনিধি/এসএস