Dhaka Mail Logo

সারাদেশ

রূপপুরে মদ্যপ অবস্থায় দুই রুশ নাগরিকের সংঘর্ষ, একজনের মৃত্যু

জেলা প্রতিনিধি

০৩ আগস্ট ২০২৬, ০৪:৩৬ পিএম

পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুরে মদ্যপ অবস্থায় দুই রুশ নাগরিকের মধ্যে সংঘর্ষের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত অপর একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) সকালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে কর্মরত বিদেশি নাগরিকদের আবাসন গ্রিন সিটির ৬ নম্বর ভবনের পঞ্চম তলায় এ ঘটনা ঘটে।

নিহত কুদরিন সার্গেই (৫৬) রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান ট্রেস্ট রোসেমে আল্ট্রাসনিক টেস্টিং ইনস্পেক্টর হিসেবে কর্মরত ছিলেন। তিনি গ্রিন সিটির ৬ নম্বর ভবনের ৫১ নম্বর কক্ষে থাকতেন। আহত অপর রুশ নাগরিকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মদ্যপানের পর তাদের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে দুজনই গুরুতর আহত হন। পরে তাদের গ্রিন সিটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে শারীরিক অবস্থার অবনতি হলে সার্গেইকে পাবনার অ্যাসোর্ট স্পেশালাইজড হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রতিনিধি/এসএস