জেলা প্রতিনিধি
০৩ আগস্ট ২০২৬, ০৩:৫৯ পিএম
নোয়াখালীর হাতিয়া উপজেলার দুর্গম চরাঞ্চল ঢালচরের একাধিক মামলার আসামি ও চিহ্নিত ‘ডাকাত’ ইব্রাহিমকে দ্রুত গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠেছে স্থানীয়রা। তার বাহিনীর অব্যাহত চাঁদাবাজি, জলদস্যুতা ও ভূমি দখলের প্রতিবাদে বয়ারচরের টাংকির ঘাট এলাকায় এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে ভুক্তভোগী এলাকাবাসী, সাধারণ কৃষক ও জেলেরা অংশ নেন। এ সময় স্থানীয়রা তাদের ওপর চলা দীর্ঘদিনের নির্যাতন ও আক্রোশের কথা তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেন।
মানববন্ধনে বক্তব্য দিতে গিয়ে টাংকির ঘাট এলাকার ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দা মো. জহিরুল ইসলাম বলেন, ঢালচর ও আশপাশের চরাঞ্চলগুলো এখন ইব্রাহিম বাহিনীর কাছে জিম্মি হয়ে পড়েছে। সাগরে ও চরে সাধারণ জেলেরা মাছ ধরতে গেলে কিংবা কৃষকরা ফসল ফলাতে গেলে ইব্রাহিমকে মোটা অংকের চাঁদা দিতে হয়। চাঁদা না দিলে জেলেদের ট্রলার ছিনতাই এবং কৃষকদের গবাদি পশু লুট করে নিয়ে যাওয়া তাদের দৈনন্দিন অভ্যাসে পরিণত হয়েছে।
অন্যতম ভুক্তভোগী কৃষক আবদুর রহিম আক্ষেপ করে বলেন, আমাদের গরু-মহিষ চুরি করা এই ইব্রাহিম ডাকাতের প্রধান কাজ। তার অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে কেউ মুখ খুললেই তাকে হত্যার হুমকি দেওয়া হয়। ঘরে স্ত্রী-সন্তান নিয়ে আমরা শান্তিতে ঘুমাতে পারি না।
সমাবেশে উপস্থিত একাধিক প্রবীণ ব্যক্তি অভিযোগ করেন, ইব্রাহিম ও তার সশস্ত্র বাহিনীর সদস্যদের নামে একাধিক অস্ত্র ও ডাকাতির মামলা থাকলেও তারা সবসময় ধরাছোঁয়ার বাইরে থেকে যায়। দ্রুত সময়ের মধ্যে এই সন্ত্রাসীকে গ্রেফতার করা না হলে চরাঞ্চলের মানুষের জীবন-জীবিকা ধ্বংস হয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল টাংকির ঘাটের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল থেকে ভুক্তভোগী চরাঞ্চলবাসী অনতিবিলম্বে ডাকাত প্রধান ইব্রাহিম ও তার সশস্ত্র সহযোগীদের গ্রেফতার এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানান বিক্ষোভকারীরা।
প্রতিনিধি/এলএ