Dhaka Mail Logo

সারাদেশ

লক্ষ্মীপুর সরকারি কলেজে জুলাই স্মরণে গ্রাফিতি আঁকল ছাত্রদল

জেলা প্রতিনিধি

০৩ আগস্ট ২০২৬, ০৩:২৭ পিএম

লক্ষ্মীপুর সরকারি কলেজ ক্যাম্পাসে জুলাই গণ–অভ্যুত্থানকে স্মরণ করে দেয়ালে গ্রাফিতি অঙ্কন কর্মসূচি পালন করেছে ছাত্রদল। এ সময় গত জুলাইয়ে আঁকা গ্রাফিতিগুলো নতুন রঙে ফুটিয়ে তোলেন শিক্ষার্থী ও শিল্পীরা।

সোমবার (৩ আগস্ট) দুপুরে জেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বারাকাত সৌরভ ও সদস্যসচিব হাসিবুর রহমান অভি এ কর্মসূচির উদ্বোধন করেন।

কলেজ ক্যাম্পাসের সীমানাপ্রাচীরে আঁকা গ্রাফিতিগুলো নতুন করে রঙ-তুলির আঁচড়ে সাজিয়ে তোলা হয়। দেয়ালে ‘সবার আগে বাংলাদেশ’ এবং ‘অচল করার জন্য নয়, দেশকে সচল করার জন্যই এসেছিল জুলাই’সহ বিভিন্ন স্লোগান ও বাণী স্থান পায়।

14e5ba90-09d9-4610-9809-dd14830b15e6

এ সময় লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ইসমাঈল হোসেন রনি, সাধারণ সম্পাদক বাহাদুর হোসেন নোবেল, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান নিরব, পৌর ছাত্রদলের সদস্যসচিব ইয়াসিন বাবলু এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরমান হোসেন কিরণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

‘রান অ্যাগেইনস্ট ফ্যাসিজম’ স্লোগানে জাবিতে ছাত্রশিবিরের মিনি ম্যারাথন

গ্রাফিতি অঙ্কন কর্মসূচিতে ছাত্রদলের নেতা–কর্মীদের পাশাপাশি স্কুল-কলেজের শিক্ষার্থী ও পথচারীদেরও অংশ নিতে দেখা যায়।

ছাত্রদল সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাড়াও লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চবিদ্যালয়, লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজ, কফিলউদ্দিন ডিগ্রি কলেজসহ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে একই কর্মসূচি পালন করা হয়েছে।

526a663d-4b82-4cb1-b42f-3bee4fb573fc

জেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বারাকাত সৌরভ বলেন, ‘ছাত্রদল বরাবরই জুলাই আন্দোলনের চেতনাকে ধারণ করে। জুলাই আন্দোলনে ছাত্রদলের ব্যাপক ভূমিকা ছিল। আমাদের অসংখ্য নেতা-কর্মী শহীদ হয়েছেন, অনেকেই পঙ্গুত্ব বরণ করেছেন। তাদের স্মরণে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গ্রাফিতি অঙ্কনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ কর্মসূচির মাধ্যমে আমরা জুলাইকে আবারও স্মরণ করতে চাই এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি।’

প্রতিনিধি/এসএস