Dhaka Mail Logo

সারাদেশ

আদিতমারীতে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি

০৩ আগস্ট ২০২৬, ০২:৪৫ পিএম

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে করা মামলার প্রধান আসামি জীবন মিয়াকে (২২) গ্রেফতার করেছে র‍্যাব।

সোমবার (৩ আগস্ট) ভোরে লালমনিরহাট সদর উপজেলার নামাটারী গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার জীবন মিয়া আদিতমারী উপজেলার দক্ষিণ গোবধা ভিতরকুটি গ্রামের আমিনুল ইসলামের ছেলে।

সোমবার দুপুরে র‍্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেফতারের তথ্য জানানো হয়।

র‍্যাব জানায়, গত ২৯ জুলাই দুপুরে স্থানীয় একটি মাদরাসার সাত বছর বয়সী এক শিক্ষার্থী বাড়ির পাশে খেলতে গেলে জীবন মিয়া তাকে ডেকে একটি ফাঁকা টিনশেড ঘরে নিয়ে ধর্ষণ করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে। পরে শিশুটি বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের বিষয়টি জানালে তাকে প্রথমে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় গত ১ আগস্ট শিশুটির বাবা বাদী হয়ে আদিতমারী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার পর থেকেই জীবন মিয়া আত্মগোপনে ছিলেন।

র‍্যাব জানায়, গ্রেফতার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আদিতমারী থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/এসএস