Dhaka Mail Logo

সারাদেশ

নলছিটিতে অভিযানে পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা

জেলা প্রতিনিধি

০৩ আগস্ট ২০২৬, ০২:২০ পিএম

ঝালকাঠির নলছিটিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার নাচনমহল বাজারে এ অভিযান পরিচালনা করেন জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক সাফিয়া সুলতানা।

অভিযানকালে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে মা মেডিকেল হলকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণের দায়ে বিশ্বাস মেডিকেল হল ও শাহ আলম স্টোরকে ১ হাজার টাকা করে জরিমানা করা হয়।

এ ছাড়া পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করায় লাইভ বেকারিকে ৩ হাজার টাকা এবং রাকিব স্টোরকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে সহকারী পরিচালক সাফিয়া সুলতানা বলেন, নাচনমহল বাজারের কয়েকটি প্রতিষ্ঠানে মূল্যতালিকা প্রদর্শন না করা এবং বিক্রির উদ্দেশে মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণের প্রমাণ পাওয়া গেছে। এ কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

প্রতিনিধি/এসএস