Dhaka Mail Logo

সারাদেশ

মাদারীপুরে মানবপাচার মামলার এক আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি

০৩ আগস্ট ২০২৬, ০১:৫৯ পিএম

মাদারীপুরে মানবপাচার মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৩ আগস্ট) ভোরে শিবচর উপজেলার নিলখী এলাকা থেকে শহিদুল মোল্লা (৪৫) নামে ওই আসামিকে গ্রেফতার করে ডাসার থানা-পুলিশ।

গ্রেফতার শহিদুল মোল্লা শিবচর উপজেলার পশ্চিম কাকৈড় গ্রামের মৃত কালামিয়া মোল্লার ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ডাসার উপজেলার খাতিয়াল গ্রামের মোফাজ্জেল মাতুব্বরের ছেলে হৃদয় মাতুব্বরকে সরাসরি ইতালি পাঠানোর প্রলোভন দেখায় একটি মানবপাচারকারী চক্র। এ জন্য ২১ লাখ টাকায় চুক্তি হলে হৃদয়ের পরিবার পুরো টাকা পরিশোধ করে। তবে গত বছরের ২৯ অক্টোবর তাকে সরাসরি ইতালি না নিয়ে সৌদি আরব হয়ে লিবিয়ায় নেওয়া হয়।

ebf207d3-7947-42e8-b853-6dd587c81764

লিবিয়ায় নেওয়ার পর হৃদয়কে একটি বন্দিশালায় জিম্মি করে নির্যাতন চালানো হয় বলে অভিযোগ রয়েছে। নির্যাতনের ভিডিও পরিবারের কাছে পাঠিয়ে ধাপে ধাপে আরও ২৪ লাখ ৫০ হাজার টাকা মুক্তিপণ আদায় করা হয়। ধারদেনা করে বিভিন্ন ব্যাংক হিসাবের মাধ্যমে বিপুল অর্থ পরিশোধ করলেও হৃদয়ের মুক্তি মেলেনি।

পরে বিচারের আশায় গত ৫ মে হৃদয়ের চাচাতো ভাই সাগর মাতুব্বর বাদী হয়ে ১১ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেন। সাগর মাতুব্বর ডাসার উপজেলার খাতিয়াল গ্রামের মকবুল মাতুব্বরের ছেলে। আদালতের নির্দেশে পরে ডাসার থানায় মামলাটি নথিভুক্ত হয়।

07aec22a-d86e-423b-85a6-499e4c1af621

পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে মামলার ৭ নম্বর আসামি শহিদুল মোল্লাকে গ্রেফতার করা হয়েছে।

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান মাহমুদ বলেন, মানবপাচার মামলায় গ্রেফতার শহিদুল মোল্লাকে আদালতে পাঠানো হয়েছে। এ মামলার অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হবে।

প্রতিনিধি/এসএস