জেলা প্রতিনিধি
০৩ আগস্ট ২০২৬, ০১:৩৬ পিএম
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় ঘরের পাশে রাখা বালুভর্তি একটি বস্তায় হঠাৎ বিস্ফোরণের ঘটনায় নারী ও শিশুসহ একই পরিবারের তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন।
সোমবার (৩ আগস্ট) সকালে উপজেলার ভরপাশা ইউনিয়নের দুধলমৌ গ্রামের শাহ আলম হাওলাদারের বাড়ির পাশে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার কারণ ও বিস্ফোরকের ধরন জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন বাকেরগঞ্জ থানার ওসি আদিল হোসেন।
স্থানীয় সূত্র জানায়, বাড়ির পাশে রাখা বালুভর্তি একটি বস্তায় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে শাহ আলম হাওলাদারের স্ত্রী হনুফা বেগম, মেয়ে ইতি এবং নাতি ফাহিম দগ্ধ হন। বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
আহতদের স্বজন জামাল হাওলাদার জানান, বালুর বস্তার ভেতরে থাকা একটি বিস্ফোরক বিস্ফোরিত হলে তার মা, বোন ও ভাগ্নের শরীরে আগুন ধরে যায়। আগুন থেকে বাঁচতে তারা বাড়ির সামনের তুলাতলা নদীতে ঝাঁপ দেন। পরে গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তবে বিস্ফোরকটি কোথা থেকে এসেছে, সে বিষয়ে পরিবারের কারও কোনো ধারণা নেই বলে জানান তিনি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আলামত সংগ্রহ করে। বিস্ফোরণের কারণ ও ব্যবহৃত বিস্ফোরকের ধরন শনাক্তে তদন্ত শুরু হয়েছে।
বাকেরগঞ্জ থানার ওসি আদিল হোসেন বলেন, ‘ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। কী ধরনের বিস্ফোরক ছিল এবং এর সঙ্গে কারা জড়িত, তদন্ত শেষে তা নিশ্চিত হওয়া যাবে।’
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত অব্যাহত রয়েছে।
প্রতিনিধি/এমআর