Dhaka Mail Logo

সারাদেশ

জিয়াউল আহসানের বিরুদ্ধে মামলার সাক্ষীকে কাফনের কাপড় পাঠিয়ে হুমকি

জেলা প্রতিনিধি

০৩ আগস্ট ২০২৬, ১০:৪৫ এএম

মানবতাবিরোধী অপরাধে বিচারাধীন সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে করা মামলার অন্যতম সাক্ষী ওয়ারেন্ট অফিসার ইমরুল কায়েস মামুনের রংপুরের বাড়িতে কাফনের কাপড় ও চিঠি পাঠিয়ে হুমকির ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় জিডি করেছেন ভুক্তভোগী।

সোমবার (৩ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর গোয়েন্দা পুলিশের উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তি।

তিনি জানান, রোববার রাত ১০টার দিকে জানতে পারি, সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে করা মামলার অন্যতম সাক্ষী ওয়ারেন্ট অফিসার ইমরুল কায়েস মামুনের হাজির হাট রংপুরের বাড়িতে কাফনের কাপড় পাঠানো হয়েছে। এমন তথ্য পাওয়ার পরপরই থানা পুলিশ ও গোয়েন্দা বিভাগ থেকে সেই বাড়ি থেকে কাফনের কাপড় এবং চিঠি উদ্ধার করে। এরপর তা থানা হেফাজতে নেওয়া হয়। পরে এ ঘটনায় ভুক্তভোগী ইমরুল কায়েস মামুন থানায় একটি জিডি করেছেন।

মহানগর গোয়েন্দা পুলিশের উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তি বলেন, কে বা কারা কাফনের কাপড় ও চিঠি পাঠিয়েছে বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। যারা এ কাজের সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় আনতে তদন্ত চলছে।

প্রতিনিধি/টিবি