জেলা প্রতিনিধি
০৩ আগস্ট ২০২৬, ০৬:৪৭ এএম
কুমিল্লার দেবীদ্বারের সন্ত্রাস বিরোধী আইনে কার্যক্রম নিষিদ্ধ ইউনিয়ন আ.লীগের সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. আবু তাহের সরকারসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।
রোববার (২ আগস্ট) সকালে অভিযান চালিয়ে উপজেলার পদ্মকোট, লক্ষিপুর ও দেবীদ্বার নিউমার্কেট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
আটককৃত আ.লীগ নেতারা হলেন, উপজেলার ৪ নং সুবিল ইউনিয়নের বুড়িরপাড় গ্রামের মৃত হাজী ইদ্রিস মিয়া সরকারের ছেলে মো. আবু তাহের সরকার (৫৮), তিনি সুবিল ইউনিঁয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও ওই ইউপির সাবেক চেয়ারম্যান।
পদ্মকোট গ্রামের মৃত শাহজাহান মিয়ার ছেলে মো. ফরিদুল ইসলাম (৩৬), তিনি ১০ নং গুনাইঘর দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এবং লক্ষ্মীপুর গ্রামের মৃত আক্তার হোসেনের ছেলে মো. শাহীন সরকার (৪৫), তিনি ৬ নং ফতেহাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি।
পুলিশ জানায়, শনিবার (১ আগস্ট) সকাল পৌনে ৮টায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার উপজেলার ২ নং রসুলপুর ইউনিয়নের সিএনবি এলাকার গ্যাস ফিল্ডের কাছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগ, আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের ৩৫/৪০ জন সক্রিয় সদস্য শোক র্যালী ও সরকার বিরোধী স্লোগান দিয়ে ঝটিকা মিছিল করে।
ওই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ধারণকৃত ভিডিও দেখে গ্রেফতার অভিযানে ৩ আ.লীগ নেতাকে গ্রেফতার করা হয়।
দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, সন্ত্রাস বিরোধী আইনে দায়েরকৃত মামলায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৩ নেতাকে গ্রেফতারপূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি পলাতক আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে।
প্রতিনিধি/এআরএম