Dhaka Mail Logo

সারাদেশ

তিস্তায় ভাঙন, বাঁধ রক্ষার দাবিতে ডিসিকে স্মারকলিপি

জেলা প্রতিনিধি

০২ আগস্ট ২০২৬, ০৯:৫৭ পিএম

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় সম্প্রতি তিস্তার ভাঙনে ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার ও বাঁধ রক্ষাসহ তিন দফা দাবিতে জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়েছে ক্ষতিগ্রস্ত এলাকাবাসী।

রোববার দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনকে স্মারকলিপি দেন তারা।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সম্প্রতি তিস্তার ভাঙনে গংগাচড়া উপজেলার নোহালী ইউনিয়নের চর বাগডোহরার ১২ কিলোমিটার দৈর্ঘ্যের ৭টি সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে করে স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষকসহ হাজার হাজার মানুষ যাতায়াতে চরম দুর্ভোগে পড়েছে। যানবাহন চলাচল প্রায় বন্ধ থাকায় জরুরি চিকিৎসাসেবা ও কৃষি পণ্য পরিবহন ব্যহত হচ্ছে। 

এছাড়া বড়াইবাড়ি খেয়াঘাট থেকে কালীগঞ্জ খেয়াঘাট পর্যন্ত এলাকাবাসীর স্বেচ্ছাশ্রমে নির্মিত প্রতিরোধ বাঁধটিতে ভাঙন দেখা দিয়েছে। এই বাঁধটি পুরোপুরি ভেঙে গেলে নোহালী ইউনিয়নের ২, ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের শত শত পরিবার বাস্তুচ্যুত হয়ে সর্বস্ব হারাবে।

স্মারকলিপিতে এলাকাবাসী ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার ও বড়াইবাড়ি খেয়াঘাট থেকে কালীগঞ্জ খেয়াঘাট পর্যন্ত ঝুঁকিপূর্ণ বাঁধটি রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে জরুরিভিত্তিকে জিও ব্যাগ ফেলানো এবং পরবর্তীতে স্থায়ী সিসি ব্লক দিয়ে বাঁধ নির্মাণের দাবি জানান। একই সাথে বন্যা ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য মানবিক সহায়তা ও পুনর্বাসনের ব্যবস্থা করার দাবি জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন- চর বাগডোহরার বাসিন্দা আল আমিন মিয়া, ইসমাইল হোসেন, মোনাইম হোসেন, মুকুল মিয়া, আশরাফুল ইসলাম, জিন্নাতুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

প্রতিনিধি/এলএ