জেলা প্রতিনিধি
০২ আগস্ট ২০২৬, ০৮:৩৫ পিএম
খুলনা মহানগরীর লবণচরা থানার রায়পাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড তাজা গুলি, ম্যাগাজিন ও নগদ অর্থসহ তিনজনকে আটক করেছে র্যাব-৬।
রোববার (২ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
এক বিজ্ঞপ্তিতে র্যাব-৬ এর পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
আটককৃতরা হলেন— মো. ইলিয়াস সরদার (৪২), মো. সুজন (৩৮) এবং নান্না বেপারি (৫৭)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নান্না বেপারির বাড়িতে অভিযান চালিয়ে ইলিয়াস সরদার ও সুজনের হেফাজত থেকে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড তাজা গুলি, ম্যাগাজিন এবং নগদ ১ লাখ ৫৩ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়।
র্যাব আরও জানায়, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) ছাড়াও পিরোজপুর ও বরগুনা জেলায় হত্যাচেষ্টা, মাদক, চুরিসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।
র্যাব-৬ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলা সম্পন্ন হলে উদ্ধার হওয়া আলামতসহ তাদের লবণচরা থানায় হস্তান্তর করা হবে।
প্রতিনিধি/ এজে