Dhaka Mail Logo

সারাদেশ

ক্ষমতাবানকে প্রশ্ন করা সাংবাদিকের কাজ: কাদের গনি চৌধুরী

জেলা প্রতিনিধি

০২ আগস্ট ২০২৬, ০৮:২৫ পিএম

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গণি চৌধুরী বলেছেন, রাষ্ট্র ও ক্ষমতাবানকে প্রশ্ন করা এবং তাদের জবাবদিহিতার মধ্যে রাখা সাংবাদিকতার মূল কাজ। এটি গণতন্ত্রকে শক্তিশালী করে, জনগণের অধিকার রক্ষা করে এবং সমাজে স্বচ্ছতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে সাহায্য করে।

রোববার (২ আগস্ট) দুপুরে গাজীপুর জেলা প্রশাসন ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ আয়োজিত ‘সাংবাদিকতার নৈতিকতা’ শীর্ষক সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব বলেন।

গাজীপুর জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, সরকারের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, বাসস'র ব্যবস্থাপনা পরিচালক কামাল উদ্দিন সবুজ, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।

কাদের গনি চৌধুরী বলেন, ‘সত্য বলার সাহসিকতাই সাংবাদিকতার মূলমন্ত্র। গণমাধ্যমের জন্য দরকার সৎ, সত্যনিষ্ঠ, পক্ষপাতমুক্ত সাংবাদিকতা। বাস্তবতা হচ্ছে বাংলাদেশে এসবের বড্ড অভাব পরিলক্ষিত হচ্ছে।’

Gazipur

তিনি বলেন, দলবাজি, অপসাংবাদিকতা, হলুদ সাংবাদিকতা ও তথ্যসন্ত্রাস সাংবাদিকদের মর্যাদা ম্লান করে দিচ্ছে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রশ্নে কোনো আপস করা চলবে না। দুর্ভাগ্যজনক হলেও সত্য, বস্তুনিষ্ঠ সাংবাদিকতাকে দখল করে নিয়েছে স্বার্থনির্ভর সাংবাদিকতা।

কর্মশালায় গাজীপুর জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৮০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। সাংবাদিকদের স্বার্থ ও নীতিনির্ধারণী বিষয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন অতিথিরা।

এর আগে, সাংবাদিকতায় অনন্য ভূমিকা রাখায় গাজীপুর জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়াকে জাতীয় প্রেসক্লাবের সহযোগী সদস্য পদ প্রদানের চিঠি হস্তান্তর করা হয়।

প্রতিনিধি/ এজে