Dhaka Mail Logo

সারাদেশ

নড়াইলে স্বামীর হাতুড়িপেটায় আহত স্ত্রীর মৃত্যু

জেলা প্রতিনিধি

০২ আগস্ট ২০২৬, ০৬:৫৭ পিএম

নড়াইলের লোহাগড়া উপজেলায় স্বামীর হাতুড়ির আঘাতে গুরুতর আহত এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় হত্যার অভিযোগ উঠেছে স্বামী জসিম শেখের বিরুদ্ধে। ঘটনার পর তিনি থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।

রোববার (২ আগস্ট) দুপুরে উপজেলার মল্লিকপুর ইউনিয়নের করফা গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় জোনাকিকে (৩২) প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।

নিহত জোনাকি করফা গ্রামের ছিদ্দিক মীরের মেয়ে। তার স্বামী জসিম শেখ একই গ্রামের মমরেজ শেখের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পরিবার সূত্রে জানা যায়, পারিবারিক কলহের একপর্যায়ে জসিম শেখ স্ত্রীকে পরকীয়ার অভিযোগে অভিযুক্ত করে তার ওপর হামলা চালান। অভিযোগ, তিনি হাতুড়ি দিয়ে আঘাত করে জোনাকিকে গুরুতর আহত করেন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেন। অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

আরও পড়ুন

নড়াইলে পরকীয়ার সন্দেহে স্ত্রীকে হাতুড়িপেটার অভিযোগ, স্বামীর আত্মসমর্পণ

ঘটনার পরপরই জসিম শেখ লোহাগড়া থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।

এলাকাবাসীর দাবি, জসিম শেখ মাদকাসক্ত। তাদের ভাষ্য, জোনাকির বিরুদ্ধে আনা পরকীয়ার অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেওয়া হয়নি।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জোনাকির মৃত্যুর খবর পাওয়া গেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এসএস