জেলা প্রতিনিধি
০২ আগস্ট ২০২৬, ০৬:৪৫ পিএম
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা থেকে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে করা মামলার প্রধান আসামি মেহেদুল ইসলামকে (১৯) গ্রেফতার করেছে র্যাব। একই সঙ্গে অপহৃত ওই স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়েছে।
রোববার (২ আগস্ট) র্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতার মেহেদুল ইসলাম গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় গ্রামের শহিদুল ইসলামের ছেলে। উদ্ধার হওয়া স্কুলছাত্রী সাদুল্লাপুর উপজেলার বাসিন্দা।
র্যাব জানায়, স্কুলছাত্রীটি আরবি পড়ার জন্য একটি মাদরাসায় যাতায়াত করতেন। এ সময় মেহেদুল ইসলাম তাকে প্রেমের প্রস্তাব দেন। প্রস্তাবে সাড়া না দেওয়ায় গত ৬ জুন সকালে মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে সহযোগীদের সহায়তায় তাকে সিএনজিচালিত অটোরিকশায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। এ ঘটনায় সাদুল্লাপুর থানায় মামলা হলে অভিযুক্তরা আত্মগোপনে চলে যান।
ঘটনার পর অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার এবং মামলার আসামিদের গ্রেফতারে র্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে। এর ধারাবাহিকতায় গত ১ আগস্ট রাতে র্যাব-১৩, গাইবান্ধা এবং র্যাব-১১, নারায়ণগঞ্জের যৌথ অভিযানে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার ভোলাইল মরাখালপাড় আল-মদিনা মসজিদ এলাকা থেকে মেহেদুল ইসলামকে গ্রেফতার করা হয়। একই সময় অপহৃত স্কুলছাত্রীকেও উদ্ধার করা হয়।
র্যাব-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতার আসামি ও উদ্ধার হওয়া স্কুলছাত্রীকে সাদুল্লাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রতিনিধি/এসএস