জেলা প্রতিনিধি
০২ আগস্ট ২০২৬, ০৪:৩৪ পিএম
নড়াইলের লোহাগড়া উপজেলায় পরকীয়ার সন্দেহে স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে স্বামী জসিম শেখের বিরুদ্ধে। ঘটনার পর তিনি নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন।
রোববার (২ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার মল্লিকপুর ইউনিয়নের করফা গ্রামে এ ঘটনা ঘটে।
আহত জেসমিন খানম (৩২) করফা গ্রামের ছিদ্দিক মীরের মেয়ে এবং একই গ্রামের মমরেজ শেখের ছেলে জসিম শেখের স্ত্রী।
স্থানীয় বাসিন্দা ও পরিবার সূত্রে জানা যায়, পারিবারিক কলহের একপর্যায়ে স্ত্রীকে পরকীয়ার অভিযোগে অভিযুক্ত করে জসিম শেখ তার ওপর হামলা চালান। অভিযোগ, এ সময় তিনি হাতুড়ি দিয়ে জেসমিন খানমকে মারাত্মকভাবে আহত করেন।
পরে স্বজনরা জেসমিনকে উদ্ধার করে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। পরে তাকে সেখানে নেওয়া হয়।
এদিকে ঘটনার পরপরই অভিযুক্ত জসিম শেখ লোহাগড়া থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।
লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, স্ত্রীকে হাতুড়ি দিয়ে আহত করার অভিযোগের পর জসিম শেখ থানায় আত্মসমর্পণ করেছেন। এ ঘটনায় এখনো ভুক্তভোগী বা তার পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তাই তাকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আদালতে পাঠানো হয়েছে।
প্রতিনিধি/এসএস