জেলা প্রতিনিধি
০২ আগস্ট ২০২৬, ০৩:৫১ পিএম
নীলফামারীর সাবেক সাংস্কৃতিকবিষয়ক মন্ত্রী ও সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান নুরের ব্যক্তিগত সহকারী তরিকুল ইসলামকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। তিনি একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।
শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় নীলফামারী সদর উপজেলার ছিট ইটাখোলা শান্তিনগর এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
রোববার (২ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান।
পুলিশ জানায়, ২০১৩ সালের ১৪ ডিসেম্বর কৃষক সিদ্দিক আলীর মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলার এজাহারভুক্ত আসামি তরিকুল ইসলাম। মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, ওই দিন বিএনপি নেতা গোলাম রব্বানীর বাড়িতে হামলা ও এলাকায় সহিংসতার সময় সিদ্দিক আলী রাস্তায় পড়ে গেলে সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান নুরকে বহনকারী গাড়ি দিয়ে তাকে চাপা দিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়।
আরও পড়ুন
মামলার এজাহারে আরও বলা হয়, ঘটনার সময় আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় নিহতের পরিবার মামলা করতে পারেনি। পরে ২০২৪ সালের জুলাই আন্দোলনের পর পরিস্থিতি পরিবর্তিত হলে নিহতের ছেলে ন্যায়বিচারের আশায় হত্যা মামলাটি দায়ের করেন।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, সিদ্দিক হত্যা মামলার এজাহারভুক্ত আসামি তরিকুল ইসলামকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে আরও তিনটি মামলা রয়েছে।
প্রতিনিধি/এসএস