জেলা প্রতিনিধি
০২ আগস্ট ২০২৬, ০১:১৬ পিএম
যশোরের চৌগাছা উপজেলার মাকাপুর গ্রামে প্রায় ২২ বিঘা জমি অবৈধভাবে দখলের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন একটি ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
রোববার (২ আগস্ট) দুপুরে প্রেসক্লাব যশোরের মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন স্নেহলতা পারভীন বিউটি।
লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, তার প্রয়াত বাবা হায়দার আলীর প্রায় ৪০ বিঘা জমি উত্তরাধিকারসূত্রে ওয়ারিশদের মধ্যে বণ্টন নিয়ে আদালতে মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যেই তার ছোট ভাই আল-ইমরানের অংশের কিছু জমি মেজো ভাই ব্যারিস্টার এ কে এম মোজতা রাসেল অবৈধভাবে দখল করেছেন বলে তিনি দাবি করেন।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, আদালতে মামলা চলমান থাকা সত্ত্বেও ব্যারিস্টার রাসেল চৌগাছা থানা বিএনপির সভাপতি আব্দুস সালামের সহযোগিতায় স্থানীয় সশস্ত্র লোকজন নিয়ে তাদের বসতবাড়িসহ প্রায় ২২ বিঘা জমি দখল করেছেন। বাধা দিতে গেলে পরিবারের সদস্যদের মারধর করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও দাবি করা হয়।
ভুক্তভোগী পরিবারের দাবি, গত ১৮ জুন ও ১৬ জুলাই পৃথকভাবে সশস্ত্র লোকজন নিয়ে তাদের মাঠের জমি ও বসতভিটা দখল করা হয়। এ ঘটনায় বিভিন্ন দফতরে লিখিত অভিযোগও দেওয়া হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার অবৈধ দখলমুক্ত করে শান্তিপূর্ণভাবে বসবাসের পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন আল-ইমরান, তামান্না নাজনীন, মুনতাজ আলী, খিদির আলী, বাচ্চু মিয়া, মুহিদুল ইসলাম, লিয়াকত আলীসহ স্থানীয় কয়েকজন বাসিন্দা।
প্রতিনিধি/এসএস