Dhaka Mail Logo

সারাদেশ

মইয়ার হাওরে নৌকাডুবি: মৃতের সংখ্যা বেড়ে চার

জেলা প্রতিনিধি

০২ আগস্ট ২০২৬, ১২:৩০ পিএম

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেরার পথে মইয়ার হাওরে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ থাকা আরও দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে।

রোববার (২ আগস্ট) সকালে উপজেলার মইয়ার হাওরের রোয়ারকারা এলাকায় ভাসমান অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন জগন্নাথপুর পৌরসভার পূর্ব ভবানীপুর এলাকার মৃত জগিন্দ্র দেবনাথের ছেলে হেমেন্দ্র দেবনাথ (৩৭) এবং একই এলাকার মৃত অনিল দেবনাথের ছেলে অধীর দেবনাথ (৩৫)।

এর আগে শনিবার একই এলাকার মৃত সুবল দেবনাথের ছেলে সত্যেন্দ্র নাথ সতী (৬৫) এবং মৃত অনিল দেবনাথের ছেলে অরুণ দেবনাথের (৪৫) মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

আরও পড়ুন

কীর্তন থেকে ফেরার পথে হাওরে নৌকাডুবি, মৃত বেড়ে ২

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতদের স্বজনদের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ৮টার দিকে পূর্ব ভবানীপুর এলাকার নয়জন নৌকাযোগে পার্শ্ববর্তী ভরাউট এলাকায় হিন্দু ধর্মীয় একটি কীর্তন অনুষ্ঠানে যান। অনুষ্ঠান শেষে রাত সাড়ে ৩টার দিকে ফেরার পথে মইয়ার হাওরের বালুচর এলাকায় তাদের বহনকারী নৌকাটি ডুবে যায়। নৌকায় থাকা নয়জনের মধ্যে পাঁচজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও চারজন নিখোঁজ হন।

শনিবার দিনব্যাপী সুনামগঞ্জ ও সিলেট ফায়ার সার্ভিসের দুটি ডুবুরি দল যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়ে দুজনের মরদেহ উদ্ধার করে। পরে রোববার সকালে নিখোঁজ থাকা বাকি দুজনের মরদেহও উদ্ধার করা হয়।

প্রতিনিধি/এসএস