Dhaka Mail Logo

সারাদেশ

‘জিনের নির্দেশ’ দাফনের ১২ ঘণ্টা পর মায়ের লাশ কবর থেকে তুললেন সন্তানরা

জেলা প্রতিনিধি

০২ আগস্ট ২০২৬, ১১:৫১ এএম

জামালপুরের মেলান্দহ উপজেলায় দাফনের প্রায় ১২ ঘণ্টা পর হালিমা নামের এক বৃদ্ধার মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। এরপর হাসপাতালে নেওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পরিবারের দাবি— মৃত নারীর ছেলে ও মেয়েকে জিনে আসর করায় তাদের নির্দেশেই কবর থেকে মরদেহ তুলে পুনরায় পরীক্ষা করা হয়।

শনিবার (১ আগস্ট) রাতে জামালপুর ও মেলান্দহের দুইটি বেসরকারি হাসপাতালে ইসিজি করার পর মরদেহটি আবার বাড়িতে ফেরত নেওয়া হয়।

জেলার মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামে এই ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, ওই বৃদ্ধার মৃত্যুর পর শনিবার সকাল ৮টায় স্থানীয় একটি কবরস্থানে দাফন করা হয়। দাফনের কয়েক ঘণ্টা পর পরিবারের দুইজন সদস্যের মধ্যে অস্বাভাবিক আচরণ দেখা দেয়। একপর্যায়ে দাবি করা হয়, মৃত নারীর ছেলে ও মেয়েকে জিনে আসর করেছে এবং তাদের মা বেঁচে আছে। পরে জিনের নির্দেশ অনুযায়ী শনিবার রাতেই কবর খুঁড়ে মরদেহ উত্তোলন করা হয়। প্রথমে তাকে মেলান্দহে এবং পরে জামালপুর শহরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে ইসিজির পর মরদেহটি বাড়িতে ফেরত নেওয়া হয়।

এই ঘটনায় ক্যামেরার সামনে কোনো কথা বলেনি পরিবারের সদস্য ও চিকিৎসকেরা।

পুরো বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় জেলা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ টি এম মাহমুদুল হক বলেন, বিষয়টি সম্পর্কে আমাদের কেউ অবগত করেনি। আমরাও শুনেছি যে, জিনে আসর করার কথা বলে কবর থেকে মরদেহ তোলা হয়েছে। কিন্তু এ ব্যাপারে থানাকে কেউ কোনো অভিযোগ দেয়নি।

প্রতিনিধি/টিবি