জেলা প্রতিনিধি
০১ আগস্ট ২০২৬, ১০:৪৮ পিএম
যশোরের অভয়নগরে পারিবারিক কলহের জেরে মশলা বাটার নোড়া (শিল) দিয়ে আঘাত করে এক বৃদ্ধাকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের মেয়েকে হেফাজতে নিয়েছে পুলিশ।
শনিবার (১ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার ভাঙ্গাগেট এলাকার ভৈরব সেতু-সংলগ্ন একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
নিহত সাহানা বেগম বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার বাসিন্দা এবং জহুরুল ইসলামের স্ত্রী। তিনি অভয়নগরের একটি জুটমিলে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিষয় নিয়ে মা-মেয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় শনিবার দুপুরে তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে উত্তেজনা সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, এ সময় সাহানা বেগমের মেয়ে শিরিনা খাতুন শিল পাটার নোড়া দিয়ে তার মাথা ও মুখে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাহানা বেগমকে মৃত ঘোষণা করেন।
অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম নুরুজ্জামান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মেয়ে শিরিনা খাতুনকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
তিনি জানান, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রতিনিধি/এজে