জেলা প্রতিনিধি
০১ আগস্ট ২০২৬, ১০:৪৭ পিএম
গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যাওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. মোয়াজ্জেম হোসেনকে গ্রেফতার করেছে র্যাব।
শনিবার দুপুর দেড়টার দিকে কুমিল্লার তিতাস উপজেলার বাতাকান্দি বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব ১১ সিপিসি কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতার মো. মোয়াজ্জেম হোসেন নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার ছোট কাজরা গ্রামের বাসিন্দা।
র্যাব জানায়, র্যাব-১১ সিপিসি-২ তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
২০২৪ সালের ৬ আগস্ট কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দিদের দাঙ্গা-হাঙ্গামার ঘটনায় কয়েকজন কারাবন্দি কারারক্ষীদের জিম্মি করে পালিয়ে যায়। এ সময় মোয়াজ্জেম হোসেনও কারাগারের দেয়াল টপকে পালিয়ে আত্মগোপনে চলে যান।
মোয়াজ্জেম হোসেন ঢাকা মহানগর পুলিশের মতিঝিল থানার একটি হত্যা মামলার আসামি। মামলার বিচার শেষে আদালত তাকে মৃত্যুদণ্ডের সাজা দেয়।
র্যাব জানায়, কারাগার থেকে পালানোর পর গ্রেফতার এড়াতে তিনি দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। অবশেষে গোয়েন্দা নজরদারির মাধ্যমে তার অবস্থান শনাক্ত করে তাকে গ্রেফতার করা হয়।
প্রতিনিধি/এলএ