Dhaka Mail Logo

সারাদেশ

পর্নো ভিডিও করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগ, নারীসহ গ্রেফতার ৪

জেলা প্রতিনিধি

০১ আগস্ট ২০২৬, ১০:০৪ পিএম

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় মোবাইলে পর্নো ভিডিও করে তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগে নারীসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময়  ব্যবহৃত মোবাইল ও পর্নো ভিডিও তোলা কাজে বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়েছে। 

শনিবার গোবিন্দগঞ্জ পৌরসভার হীরকপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- পলাশবাড়ী উপজেলার মধ্য রামচন্দ্রপুর গ্রামের মামুনী আক্তার, গোবিন্দগঞ্জ উপজেলার অভিরামপুর হাজিপাড়ার রাকিবুল হাসান রাকিব, সাদুল্লাপুর উপজেলার নিশ্চিন্তপুরের রেজেনা খাতুন সাথী ও সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর গ্রামের মামুন অর রশিদ।

পুলিশ জানায়, এর আগে তাদের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা হয়েছে। তারা হীরকপাড়া এলাকায় বাসা ভাড়া নিয়ে পর্নো ভিডিও করাসহ অসামাজিক ও অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। গোপন সংবাদে আসামিদের গ্রেফতারসহ পর্নোগ্রাফি তৈরির বিভিন্ন মালামাল জব্দ করা হয়।

গোবিন্দগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক আসহান হাবীব সরকার বলেন, গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে। সেই সঙ্গে পলাতক অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

প্রতিনিধি/এলএ