Dhaka Mail Logo

সারাদেশ

রাস্তার ওপারে বাবাকে দেখে দৌড়, অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল শিশুর

জেলা প্রতিনিধি

০১ আগস্ট ২০২৬, ০৮:৪৫ পিএম

নেত্রকোনার পূর্বধলায় মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় মারিয়া আক্তার প্রীতি (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের নয়াপাড়া (থানা রোড) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মারিয়া আক্তার প্রীতি উপজেলার পুকুরিয়াকান্দা গ্রামের আবুল কালাম আজাদের মেয়ে। সে স্থানীয় দারুল উলুম নয়াপাড়া মহিলা মাদরাসার শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো শনিবার সকালে প্রীতি মাদরাসায় যায়। ছুটি শেষে বাড়ি ফেরার পথে নয়াপাড়া (থানা রোড) এলাকায় রাস্তার অপর পাশে তার বাবাকে দাঁড়িয়ে থাকতে দেখে দৌড়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করে। এ সময় চলন্ত একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে সে সড়কে পড়ে গেলে অটোরিকশার একটি চাকা তার শরীরের ওপর দিয়ে চলে যায়। এতে সে গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়ে।

স্থানীয় লোকজন ও স্বজনরা দ্রুত তাকে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দুপুর ১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করে বলেন, নিহতের বাবার আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/এলএ