জেলা প্রতিনিধি
০১ আগস্ট ২০২৬, ০৮:২২ পিএম
বরগুনার বামনা উপজেলায় ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করার পর বালিশচাপা দিয়ে স্বামীকে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে।
শনিবার বিষয়টি নিশ্চিত করেন বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন খান।
তিনি বলেন, শুক্রবার গভীর রাতে উপজেলার অযোধ্যা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সাইফুল ইসলাম (২৫) একই গ্রামের স্বপন হাওলাদারের ছেলে।
শনিবার দুপুরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতের পরিবারের দাবি, প্রায় দেড় বছর আগে সুমাইয়ার সঙ্গে সাইফুলের বিয়ে হয়। কাজের প্রয়োজনে সাইফুল প্রায়ই বাড়ির বাইরে থাকতেন। এ সুযোগে স্ত্রীর সঙ্গে অন্য এক ব্যক্তির সম্পর্ক গড়ে ওঠে বলে পরিবারের অভিযোগ। বিষয়টি নিয়ে দাম্পত্য কলহের জেরে শুক্রবার রাতে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করার পর বালিশচাপা দিয়ে তাকে হত্যা করা হয়। ঘটনার পর অভিযুক্ত স্ত্রী পালিয়ে যান।
নিহতের দাদা আইয়ুব আলী হাওলাদার বলেন, সকালে ডাকাডাকি করেও সাড়া না পেয়ে ঘরে ঢুকে সাইফুলকে নিস্তেজ অবস্থায় দেখতে পাই। তার স্ত্রীকে ঘরে পাওয়া যায়নি। পরে স্থানীয়দের খবর দেওয়া হয়।
বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন খান বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/এলএ