Dhaka Mail Logo

সারাদেশ

অবৈধ বালু উত্তোলনের ২ ড্রেজার মেশিন জব্দ, ৬ লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি

০১ আগস্ট ২০২৬, ০৮:১০ পিএম

বরিশাল সদর উপজেলায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় দুটি ড্রেজার ও দুটি বাল্কহেড জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় সাতজন বালু উত্তোলনকারীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত ড্রেজার ও বাল্কহেডের মালিকদের ৬ লাখ টাকা জরিমানা করেন।

শুক্রবার (৩১ আগস্ট)  সদর উপজেলার চরমোনাই নাইন্দার চর এলাকায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের এ বিশেষ অভিযান চালানো হয়।

শনিবার (১ আগস্ট) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

তিনি জানান, জরিমানা আদায় শেষে আটক ব্যক্তিদের মুক্তি ও জব্দ করা ড্রেজার ও বাল্কহেডগুলো ছেড়ে দেওয়া হয়।

কোস্ট গার্ডের তথ্যানুযায়ী, অভিযানের সময় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুটি ড্রেজার, দুটি বাল্কহেড এবং সাতজন বালু উত্তোলনকারীকে আটক করা হয়। পরে বরিশাল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত ড্রেজার ও বাল্কহেডের মালিকদের কাছ থেকে ৬ লাখ টাকা জরিমানা আদায় করেন। আদায় করা অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে। এছাড়া আটক সাতজনের কাছ থেকে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না হওয়ার মুচলেকা নিয়ে তাদের ড্রেজার ও বাল্কহেডসহ ছেড়ে দেওয়া হয়।

কোস্ট গার্ড জানায়, নদী তীরবর্তী মানুষের ফসলি জমি, বসতভিটা ও নদীর স্বাভাবিক প্রবাহ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাহিনীটি।

প্রতিনিধি/ এজে