জেলা প্রতিনিধি
০১ আগস্ট ২০২৬, ০৫:০৭ পিএম
নেত্রকোনা শহরের শান্তিনগর এলাকায় থেকে অনলাইনে জুয়া খেলার অভিযোগে মো. আশরাফুল ইসলাম (৩৭) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (১ আগস্ট) দুপুরে জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) হাফিজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, গতকাল শুক্রবার দিবাগত রাত ১টার দিকে গোপন সংবাদে পৌরসভার বাহির চাপড়া (রাজুর বাজার) শান্তিনগর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় আশরাফুলের কাছ থেকে অনলাইন জুয়া খেলায় ব্যবহৃত একটি মোবাইল ফোন এবং জুয়া খেলার স্ক্রিনশটের ৩১ পৃষ্ঠার প্রিন্ট কপি আলামত হিসেবে জব্দ করা হয়।
আটক আশরাফুল ইসলাম স্থায়ী বাড়ি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলায়। বর্তমানে তিনি নেত্রকোনা পৌরসভার বাহির চাপড়া (রাজুর বাজার) শান্তিনগর এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
পুলিশ জানায়, গোপন সংবাদে রাতে শহরের শান্তিনগর এলাকায় আশরাফুলের ভাড়া বাসায় অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। অভিযানে জুয়া খেলারত অবস্থায় পাওয়া যায় তাকে। আশরাফুলের কাছ থেকে অনলাইন জুয়া খেলায় ব্যবহৃত একটি মোবাইল ফোন এবং জুয়া খেলার স্ক্রিনশটের ৩১ পৃষ্ঠার প্রিন্টকপি আলামত হিসেবে জব্দ করা হয়। পরে তাকে আটক করা হয়। এ ঘটনায় জুয়া প্রতিরোধ আইন ২০২৬-এর ১৬, ১৭ ও ২৭ ধারায় নেত্রকোনা মডেল থানায় মামলা দায়ের করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) হাফিজুল ইসলাম বলেন, আজ শনিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
প্রতিনিধি/এজে