জেলা প্রতিনিধি
০১ আগস্ট ২০২৬, ১২:২৭ পিএম
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছেন এক তরুণী (২৮)।
শুক্রবার (৩১ জুলাই) সকাল থেকে উপজেলার জামপুর ইউনিয়নের শিংলাবো এলাকায় অভিযুক্ত প্রেমিক নাঈম মিয়ার বাড়িতে এই ঘটনা ঘটে।
অনশনরত ওই তরুণী (২৮) নরসিংদীর শিবপুর উপজেলার পুরাতন বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা। অন্যদিকে অভিযুক্ত নাঈম মিয়া সোনারগাঁ উপজেলার শিংলাবো এলাকার হেলাল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্র ও ওই তরুণীর দাবি অনুযায়ী, প্রায় দুই বছর ধরে নাঈম এবং ওই তরুণীর মধ্যে প্রেমের সম্পর্ক চলে আসছে। এই দীর্ঘ সময়ে বিয়ের নানা আশ্বাসের ভিত্তিতে সম্পর্ক এগিয়ে গেলেও সম্প্রতি বিয়ে করতে অস্বীকৃতি জানান নাঈম।
ওই তরুণীর অভিযোগ, প্রতিশ্রুতি রক্ষা না করে নাঈম যোগাযোগ এড়িয়ে চলার চেষ্টা করলে বাধ্য হয়ে তিনি প্রেমিকের বাড়িতে এসে অবস্থান নেন। সুনির্দিষ্ট সিদ্ধান্ত বা বিয়ের সমাধান না পাওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। এই ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং কৌতূহলী মানুষ ভিড় করছেন।
প্রেমিক নাঈমের মা এ বিষয়ে জানান, মেয়ের মা আসুক। যদি প্রমাণ হয় যে, আমার ছেলে তার মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক করেছে, তাহলে আমরা পারিবারিকভাবে তাদের বিয়ে দিয়ে দেব।
তবে এ বিষয়ে জানতে অভিযুক্ত নাঈম মিয়ার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। তার নম্বরে ক্ষুদে বার্তা পাঠানো হলেও কোনো সাড়া মেলেনি।
এ বিষয়ে তালতলা বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মো. জসিম উদ্দিন বলেন, অনশনের ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও জনপ্রতিনিধিরা উভয় পরিবারের সঙ্গে আলোচনা করে বিষয়টি একটি শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
প্রতিনিধি/টিবি