Dhaka Mail Logo

সারাদেশ

ত্রুটি নিয়েই ঢাকা অভিমুখে সোনার বাংলা এক্সপ্রেস

জেলা প্রতিনিধি

৩১ জুলাই ২০২৬, ০৯:৩৮ পিএম

ঢাকাগামী আন্তনগর সোনার বাংলা এক্সপ্রেসের একটি শীতাতপনিয়ন্ত্রিত (এসি) চেয়ার কোচের কম্প্রেসারে ত্রুটি দেখা দেওয়ায় মিরসরাইয়ে প্রায় এক ঘণ্টা ট্রেনটি থেমে থাকে। পরে ত্রুটির আংশিক সমাধান করে ধীরগতিতে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে ট্রেনটি।

সোনার বাংলা এক্সপ্রেসের পরিচালক সুজন দত্ত শুক্রবার সন্ধ্যায় এ তথ্য জানান।

তিনি বলেন, শুক্রবার বিকেল পাঁচটায় চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে নির্ধারিত সময়েই ঢাকার উদ্দেশে ছেড়ে যায় সোনার বাংলা এক্সপ্রেস। সীতাকুণ্ড এলাকা অতিক্রম করার পর একটি এসি কোচের কম্প্রেসারে ত্রুটি দেখা দেয়। এ কারণে মিরসরাইয়ের উত্তর ওয়াহেদপুর এলাকায় ট্রেনটি থামিয়ে দেওয়া হয়।

সুজন দত্ত বলেন, কম্প্রেসার থেকে অনবরত বাতাস বের হচ্ছিল। এ কারণে তাৎক্ষণিকভাবে ট্রেন চালানো সম্ভব হয়নি। ত্রুটি সারাতে কারিগরি কর্মীরা প্রায় এক ঘণ্টা কাজ করলেও পুরোপুরি সমাধান করা সম্ভব হয়নি। পরে ত্রুটি নিয়েই ধীরগতিতে ট্রেনটি ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে।

ট্রেনে থাকা এক যাত্রী বলেন, সোনার বাংলা এক্সপ্রেস নির্ধারিত সময়েই চট্টগ্রাম থেকে ছেড়েছিল। সীতাকুণ্ড পার হওয়ার পর যান্ত্রিক ত্রুটির কারণে উত্তর ওয়াহেদপুর এলাকায় ট্রেনটি থেমে যায়। একই রেলপথে চলাচলকারী চট্টগ্রাম-চাঁদপুর রুটের মেঘনা এক্সপ্রেসও তখন সোনার বাংলা এক্সপ্রেসের পেছনে অপেক্ষমাণ ছিল। এতে দুই ট্রেনের শত শত যাত্রী ভোগান্তিতে পড়েন। প্রায় এক ঘণ্টা পর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সোনার বাংলা এক্সপ্রেস আবার ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে।

ওই যাত্রী বলেন, সোনার বাংলা এক্সপ্রেসে যতবার ভ্রমণ করেছেন, ততবারই কোনো না কোনো সমস্যার মুখে পড়তে হয়েছে। এবারও যান্ত্রিক ত্রুটির কারণে দীর্ঘ সময় আটকে থাকতে হয়েছে।

এ বিষয়ে রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান যান্ত্রিক প্রকৌশলী সাদেকুর রহমান বলেন, সোনার বাংলা এক্সপ্রেসের যান্ত্রিক ত্রুটির কিছুটা সমাধান হয়েছে। ট্রেনটি এখন ঢাকা অভিমুখে চলছে। ঢাকায় পৌঁছানোর পর পুরোপুরি ত্রুটি সারানোর কাজ করা হবে।

প্রতিবেদক/এআর