Dhaka Mail Logo

সারাদেশ

‘রাষ্ট্র হারলেও নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াটাই বড় স্বস্তির জায়গা’

জেলা প্রতিনিধি

৩১ জুলাই ২০২৬, ০৪:৪০ পিএম

যখন সমাজ ও বিচারব্যবস্থায় ন্যায়বিচার সুপ্রতিষ্ঠিত হয়, তখন রাষ্ট্রের পক্ষে থেকেও অ্যাটর্নি জেনারেল হিসেবে তিনি আনন্দিত হন। মামলায় রাষ্ট্র হেরে গেলেও যদি একজন সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হয়, তবে একজন অ্যাটর্নি জেনারেলের জন্য সেটাই সবচেয়ে বড় স্বস্তির জায়গা বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

শুক্রবার (৩১ জুলাই) দুপুরে ঝিনাইদহের কোটচাঁদপুরে আয়োজিত এক নাগরিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মুন্সিগঞ্জ-৩ আসনের সংরক্ষিত নারী সংসদ সদস্য অ্যাডভোকেট ফাইমা নাসরিনের কোটচাঁদপুরে আগমন উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনের হলরুমে এই নাগরিক সভার আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাটর্নি জেনারেল বলেন, আইনের শাসন ও বিচারব্যবস্থার মূল লক্ষ্যই হলো নাগরিকের অধিকার রক্ষা করা। রাষ্ট্র বা ব্যক্তি কে জিতল তার চেয়ে বড় কথা হলো ন্যায়বিচার প্রতিষ্ঠিত হলো কিনা। বিচারপদ্ধতি যখন কোনো নাগরিককে তার কাঙ্ক্ষিত ও সঠিক বিচার এনে দেয়, তখন রাষ্ট্রের প্রতিনিধি হিসেবেও সেখানে কোনো অসন্তোষ থাকে না, বরং তা আইনি ব্যবস্থার ওপর মানুষের আস্থা বাড়ায়।

কোটচাঁদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফাইমা নাসরিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি। এ ছাড়া সভায় স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক ও সুধী সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা আইনের শাসন প্রতিষ্ঠা, গণমাধ্যমের স্বাধীনতা ও নাগরিক অধিকার সুরক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

প্রতিনিধি/এফএ