Dhaka Mail Logo

সারাদেশ

ধর্ম-বর্ণের নামে কোনো চক্রান্ত সফল হবে না: তথ্যমন্ত্রী

জেলা প্রতিনিধি

৩১ জুলাই ২০২৬, ০৪:১৩ পিএম

তথ্যমন্ত্রী এম জহির উদ্দিন স্বপন বলেছেন, ধর্মবিশ্বাস ও ধর্মচর্চাকে পুঁজি করে কোনো মহল যদি নিজেদের স্বার্থে মানুষকে ব্যবহার করার চেষ্টা করে, তবে ধর্মপ্রাণ মানুষই তাদের চিহ্নিত করবেন। বাংলাদেশে ধর্ম বা বর্ণের ভিত্তিতে কোনো চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না।

শুক্রবার (৩১ জুলাই) দুপুরে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে জেলা পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্ট করে বলেছেন, ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার।’ তার ভাষ্য, কোনো ধর্মাবলম্বীকে ব্যবহার করে রাষ্ট্রকে একটি নির্দিষ্ট ধর্মের মাধ্যমে নিয়ন্ত্রণ বা প্রভাবিত করার চেষ্টা সাম্প্রদায়িকতা এবং তা ধর্মের প্রকৃত শিক্ষার পরিপন্থী।

তিনি আরও বলেন, যখনই কোনো মহল ধর্মবিশ্বাস ও ধর্মচর্চাকে সাম্প্রদায়িক স্বার্থে ব্যবহার করে একটি গোষ্ঠীর হাতিয়ার বানানোর চেষ্টা করবে, তখনই ধর্মপ্রাণ মানুষ সেই ‘ধর্মব্যবসায়ীদের’ চিহ্নিত করবেন।

83d9679b-d4bd-42aa-911c-def64ab2c85f

রাজনৈতিক প্রসঙ্গে এম জহির উদ্দিন স্বপন বলেন, রাজনৈতিক নেতাদের সব বক্তব্যই জনগণের কল্যাণের উদ্দেশে হওয়া উচিত। জনগণ যতদিন কোনো দল বা তার প্রতীককে নিজেদের কল্যাণে সহায়ক মনে করবে, ততদিনই সেই দল ও প্রতীক জনগণের কাছে গ্রহণযোগ্য থাকবে।

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, বরিশাল জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি রাখাল চন্দ্র দে এবং ‘সাদা মনের মানুষ’খ্যাত বিজয় কৃষ্ণ দে। এ ছাড়া জেলা ও কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মানিক লাল মুখার্জী।

প্রতিনিধি/এসএস