Dhaka Mail Logo

সারাদেশ

বাঘাইছড়িতে আগ্নেয়াস্ত্র, গুলি ও বিদেশি সিগারেট জব্দ

জেলা প্রতিনিধি

৩১ জুলাই ২০২৬, ১২:৩৬ পিএম

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, গুলি ও বিদেশি সিগারেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার সীমান্ত সড়কের মাঝিপাড়া ১৬ কিলোমিটার এলাকায় মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এ অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ। এ সময় সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমানও উপস্থিত ছিলেন।

মারিশ্যা জোন (২৭ বিজিবি) সূত্র জানায়, রাতে দুইজন সন্দেহভাজন চোরাকারবারি ব্যাগ হাতে ওই এলাকায় আসছিলেন। বিজিবির টহল দল তাদের ধাওয়া করলে তারা পাহাড়ি এলাকায় পালিয়ে যান। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি চায়না নির্মিত সিএন্ডএলজি পিস্তল, ৭.৬২ মিলিমিটারের সাতটি তাজা গুলি এবং ১০ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়।

মারিশ্যা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, সীমান্ত এলাকায় বিভিন্ন কৌশলে চোরাচালানের চেষ্টা অব্যাহত রয়েছে। এসব কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি গোয়েন্দা নজরদারি জোরদারের পাশাপাশি নিয়মিত অভিযান ও টহল পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এসএস