Dhaka Mail Logo

সারাদেশ

হাতিয়ায় পুকুরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, বৃষ্টিতে উদ্ধারকাজে বিঘ্ন

উপজেলা প্রতিনিধি

৩১ জুলাই ২০২৬, ১২:২৮ পিএম

নোয়াখালীর হাতিয়া উপজেলার তমরোদ্দি ইউনিয়নে একটি পুকুরে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ ভাসতে দেখা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও প্রবল বৃষ্টির কারণে তাৎক্ষণিকভাবে মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি।

শুক্রবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে তমরোদ্দি ইউনিয়ন পরিষদসংলগ্ন মিরাজ নামের এক ব্যক্তির পুকুরে মরদেহটি ভাসতে দেখেন স্থানীয় পথচারীরা। পরে তারা বিষয়টি পুলিশকে জানান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে পুকুরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন জড়ো হন। খবর পেয়ে তমরোদ্দি পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তবে প্রবল বর্ষণের কারণে উদ্ধারকাজ শুরু করা সম্ভব হয়নি। এ সময় ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় দেখা যায়।

তমরোদ্দি পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) নাছির উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। কিন্তু ভারী বৃষ্টির কারণে তাৎক্ষণিকভাবে মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, বৃষ্টি কমলে মরদেহ উদ্ধার করে পরিচয় শনাক্ত এবং মৃত্যুর কারণ উদ্‌ঘাটনের জন্য প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এসএস