জেলা প্রতিনিধি
৩১ জুলাই ২০২৬, ০৩:০০ এএম
চট্টগ্রামের মিরসরাইয়ে ঘুমন্ত স্বামীর হাত-পা বেঁধে ব্লেড দিয়ে পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে উপজেলার বারইয়ারহাট পৌরসভার উত্তর সোনাপাহাড় এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেফতার মনি বেগম (৩৫) ওই এলাকার বাসিন্দা। এ ঘটনায় গুরুতর আহত তার স্বামী মো. রাসেলকে (৩৮) মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
জোরারগঞ্জ থানার পুলিশ জানায়, উত্তর সোনাপাহাড় এলাকার নুর উদ্দিনের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে মনি বেগমকে গ্রেফতার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পিকআপ চালক রাসেলের সঙ্গে অন্য নারীর সম্পর্কের অভিযোগ নিয়ে দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। বুধবার রাতে তারা একসঙ্গে ঘুমাতে যান। পরে বৃহস্পতিবার সকালে ঘুমন্ত অবস্থায় রাসেলের হাত-পা বেঁধে ব্লেড দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ ওঠে।
আহত অবস্থায় স্বজনরা রাসেলকে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফাহিম জামাল বলেন, সকালে মো. রাসেল নামে এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, ঘুমন্ত স্বামীর হাত-পা বেঁধে ব্লেড দিয়ে গুরুতর জখম করার অভিযোগে মনি বেগমকে গ্রেফতার করা হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, ঘটনার তদন্ত চলছে। তদন্তের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।