জেলা প্রতিনিধি
৩০ জুলাই ২০২৬, ০৮:১৮ পিএম
ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪২০ মিটার অবৈধ ৩/৪"এম, এস ও প্লাস্টিক হোজ গ্যাস পাইপ উচ্ছেদ, ২৬টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে ওয়েল্ডিং করাসহ ৩০০ মিটার অবৈধ পাইপ লাইন অকার্যকর করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক কার্যালয় কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা ১১টা থেকে দিনব্যাপী সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের উত্তর সুহিলপুর মহল্লায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ৫ জন অবৈধ গ্যাস ব্যবহারকারীকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিন্স সরকার। সাথে ছিলেন বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী শফিকুল হক।
অভিযান সূত্রে জানা গেছে, দীর্ঘদিন পাইপ লাইনে নতুন গ্যাস সংযোগ প্রদান বন্ধ থাকার সুযোগে কিছু অসাধু চক্র জেলা শহর সহ সদর ও সরাইল উপজেলার বিভিন্ন গ্রাম ও মহল্লায় অবৈধভাবে বাসাবাড়িতে গ্যাস সংযোগ দিয়ে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নিচ্ছে। এর পরিপ্রেক্ষিতে নিয়মিত অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণে অভিযান চালায় বাখরাবাদ কর্তৃপক্ষ। এরই অংশ হিসেবে উত্তর সুহিলপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ সংযোগগুলো বিচ্ছিন্ন করা হয়েছে।
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী শফিকুল হক জানান, অবৈধ গ্যাস লাইনের সংযোগ বিচ্ছিন্ন করার কিছুদিনের মধ্যে আবারও কিছু অসাধু চক্র নতুন করে অবৈধ সংযোগ দেয়। এর ফলে সম্পূর্ণভাবে অবৈধ সংযোগ বন্ধ করা যাচ্ছে না। অবৈধ সংযোগ বিচ্ছিন্নে বাখরাবাদের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।
প্রতিনিধি/ এজে