জেলা প্রতিনিধি
৩০ জুলাই ২০২৬, ০৫:০৩ পিএম
ফেনীতে যুবলীগ নেতা যোবায়ের হোসেন পারভেজ হত্যা মামলার প্রধান আসামি, ছাত্রলীগ নেতা মামুনুর রশীদ মামুনকে(২৮) রাজধানী থেকে গ্রেফতার করেছে র্যাব।
বুধবার (২৯ জুলাই) দিবাগত রাতে ঢাকার লালবাগ থানার বাশপট্টি আশা হোটেলের সামনে ফেনীস্থ র্যাব-৭ ও ঢাকাস্থ র্যাব-১০ এর বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে তাকে ছাগলনাইয়া থানায় হস্তান্তর করা হয়।
জানা যায়, ছাগলনাইয়া সমিতি বাজারের ব্যবসায়ী ও ইউনিয়ন যুবলীগ নেতা যোবায়ের হোসেন পারভেজ এর সাথে মাদক, চোরাচালান ও দোকান সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। ২৬ জুর রাতে এসব বিষয় নিয়ে স্থানীয় ছাত্রলীগ নেতা শাহাদাত ও মামুনের সাথে বাগ্বিতণ্ডা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে পারভেজকে কুপিয়ে হত্যা করা হয়। ২৭ জুন সমিতির বাজার সংলগ্ন পারভেজের বাড়ির পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
এঘটনায় নিহত পারভেজের পিতা আবু তাহের বাদী হয়ে ছাগলনাইয়া থানায় ৪ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। আসামিরা হলেন, ওই এলাকার মামুনুর রশিদ, শাহাদাত হোসেন, মাইকেল ও মনির হোসেন। তারা সবাই ফ্যাসিস্ট সরকারের রাজনীতিতে সক্রিয় ছিলেন। ঘটনার ১/২ দিনের মধ্যেই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শাহাদাত মনির ও মাইকেলকে গ্রেফতার করতে পারলেও মামুন আত্মগোপনে চলে যায়।
ফেনীস্থ র্যাব-৭ এর মিডিয়া পরিচালক এ আর এম মোজাফফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে রাজধানীর লালবাগ থানা এলাকার বাশপট্টি আশা হোটেলের সামনে র্যাব-৭ ও র্যাব-১০ এর যৌথ অভিযান চালিয়ে পারভেজ হত্যা মামলার প্রধান আসামি মামুনকে গ্রেফতার করা হয়েছে। মামুন ছাগলনাইয়া উপজেলার নিজকুঞ্জরা গ্রামের নুর আহমদ মাস্টার বাড়ির ছাদেক মিয়ার ছেলে।
ছাগলনাইয়া থানার ওসি মোহাম্মদ আবু তাহের বলেন, র্যাবের হাতে গ্রেফতারকৃত মামুনের বিরুদ্ধে পারভেজ হত্যা ছাড়াও ছাগলনাইয়া ও ফেনী থানায় একাধিক মামলা রয়েছে। তাকে রিমান্ডের আবেদনসহ আদালতের নিকট সোপর্দ করা হয়েছে।
প্রতিনিধি/ এজে