জেলা প্রতিনিধি
৩০ জুলাই ২০২৬, ০২:৫৪ পিএম
বান্দরবান সদর হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ম্রো ও খুমী শিশুদের জন্য মানবিক সহায়তার হাত বাড়িয়েছে বাংলাদেশ মারমা স্টুডেন্ট কাউন্সিল (বিএমএসসি)। সংগঠনটির উদ্যোগে ভর্তি শিশুদের মধ্যে ফলমূল, ডাব, বিশুদ্ধ মিনারেল পানি ও বিভিন্ন ধরনের খাবার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসাধীন শিশুদের অভিভাবকদের হাতে এসব খাদ্যসামগ্রী তুলে দেন সংগঠনের নেতারা।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি বান্দরবানের দুর্গম এলাকায় হামের প্রাদুর্ভাব বেড়েছে। রুমা উপজেলায় হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত আট শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গেছে। বর্তমানে বান্দরবান সদর হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ম্রো ও খুমী সম্প্রদায়ের ২২ শিশু চিকিৎসাধীন রয়েছে।

বাংলাদেশ মারমা স্টুডেন্ট কাউন্সিল, বান্দরবান জেলা শাখার সভাপতি থোয়াই অং মারমা বলেন, সাম্প্রতিক বন্যার সময়ও আমরা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছিলাম। সেই ধারাবাহিকতায় এবার দুর্গম এলাকার হামে আক্রান্ত ম্রো ও খুমী শিশুদের জন্য ডাব, ফলমূল, বিশুদ্ধ পানি ও খাবারের ব্যবস্থা করেছি। দেশের ও বিদেশের বিত্তবান এবং মানবিক মানুষ এগিয়ে এলে এ ধরনের সহায়তা আরও বিস্তৃত করা সম্ভব হবে বলে জানান তিনি।
বান্দরবান সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) তৌহিদুল আনোয়ার ঢাকা মেইলকে বলেন, বর্তমানে হামের উপসর্গ নিয়ে ২২ জন শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে তাদের মধ্যে কোনো জটিল বা আশঙ্কাজনক রোগী নেই।
প্রতিনিধি/টিবি