Dhaka Mail Logo

সারাদেশ

‘প্রধানমন্ত্রী পিছিয়ে পড়া রংপুরকে এগিয়ে নিতে নানা নির্দেশনা দিয়েছেন’

জেলা প্রতিনিধি

৩০ জুলাই ২০২৬, ০৭:২০ এএম

রংপুর সিটি করপোরেশনের প্রশাসক অ্যাড. মাহফুজ-উন-নবী ডন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান পিছিয়ে পড়া রংপুরকে এগিয়ে নিতে নানা উন্নয়নমূলক কাজ করার নির্দেশনা দিয়েছেন। নগরবাসী যদি আমাদের যৌক্তিক কিছু সময় দেন তাহলে রংপুর সিটি করপোরেশন এলাকার সকল সমস্যা সমাধান করা সম্ভব হবে।

বুধবার (২৯ জুলাই) বিকেলে রংপুর সিটি করপোরেশনের সকল ভাঙা সড়ক সংস্কার কাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন।

সিটি করপোরেশন সূত্রে জানা যায়, চলতি বর্ষা মৌসুমে নগরবাসীর ভোগান্তি দূর করতে রংপুর নগরীর সকল ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু করেছে রংপুর সিটি করপোরেশন। এরই অংশ হিসেবে প্রায় দুই কোটি টাকা ব্যায়ে নগরীর মাহিগঞ্জ শহীদ মিনার থেকে গোসাইবাড়ি পর্যন্ত ও কসাইটুলি সড়কের প্রায় তিন কিলোমিটার সড়ক সংস্কার কাজের উদ্বোধন করা হয়।

এসময় অ্যাড. মাহফুজ-উন-নবী ডন বলেন, সড়ক সংস্কারের কাজগুলোর গুনগত মান যেন নগরবাসীর কাছে সন্তোষজনক হয়, সে লক্ষ্যে সিটি করপোরেশনের সংশ্লিস্ট বিভাগের কর্মকর্তাগণ তদারকি করছেন। এছাড়াও নগরীর যেসকল সড়ক সংস্কারের প্রয়োজন রয়েছে সে সড়কগুলি চলাচলের যোগ্য করতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সময় রংপুর সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আজম আলীসহ সিটি করপোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/টিবি