Dhaka Mail Logo

সারাদেশ

রংপুরে তিন মাসে মাদকসহ বিভিন্ন মামলায় গ্রেফতার ১ হাজার ৬২৬

জেলা প্রতিনিধি

২৯ জুলাই ২০২৬, ০৬:৫০ পিএম

রংপুর মহানগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালিত বিভিন্ন অভিযানে গত তিন মাসে মাদকসহ বিভিন্ন মামলায় ১ হাজার ৬২৬ জনকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। এ সময় বিপুল পরিমাণ মাদক ও চোরাই মালামাল উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) বিকেলে রংপুর মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ এ তথ্য জানান।

তিনি বলেন, গত তিন মাসে ৩১৬ জন পরোয়ানাভুক্ত আসামি, ২৮২ জন মাদক কারবারি, এসির তামা চোর চক্রের ৫৩ সদস্য, নারী ও শিশু নির্যাতন মামলার ৩২ আসামি, হত্যা মামলার ৫ আসামি, নিষিদ্ধ সংগঠনের ১২ সদস্য এবং বিভিন্ন মামলার আরও ৯২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, অভিযানে ১০ বস্তা তামার তার, তিন হাজার পিস ইয়াবা, ৫০ গ্রাম হেরোইন, ২০ কেজি গাঁজা, ফেনসিডিল, টাপেন্টাডল ট্যাবলেট, মরফিন ইনজেকশনসহ বিভিন্ন ধরনের মাদক উদ্ধার করা হয়েছে।

পুলিশ কমিশনার বলেন, অনলাইন ও অফলাইন জুয়া বন্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে তথ্য পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি নগরীর যানজট নিরসনে ট্রাফিক বিভাগ নিয়মিত কাজ করছে। এ ক্ষেত্রে তিনি নগরবাসী ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন।

তিনি আরও জানান, বুধবার বিশেষ অভিযানে একটি কুরিয়ার সার্ভিসের পিকআপ ভ্যান থেকে ১৫ বস্তা ভারতীয় প্রসাধনী, ৯ বস্তা ভারতীয় কাপড়, দেড় লাখ শলাকা নকল বিড়ি, ২৩ বস্তা নকল ব্র্যান্ডের সিগারেট, ২ বস্তা নকল আকিজ বিড়ি এবং ৫০টি ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় লাভলু নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সংবাদ সম্মেলনে উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী, মাহফুজুর রহমান, মারুফ আহমেদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এসএস