Dhaka Mail Logo

সারাদেশ

একদিনের ব্যবধানে জাজিরায় আবার বিস্ফোরণ, উড়ে গেল টয়লেটের পানির ট্যাংক

জেলা প্রতিনিধি

২৯ জুলাই ২০২৬, ০৬:৩৫ পিএম

শরীয়তপুরের জাজিরা উপজেলায় একদিনের ব্যবধানে আবারও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এবার একটি বসতবাড়ির টয়লেটের ছাদে বিস্ফোরণে সেটি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণের তীব্রতায় টয়লেটের ওপর থাকা পানির ট্যাংক ছিটকে বাড়ির অন্য স্থানে গিয়ে পড়ে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

বুধবার (২৯ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার বি কে নগর ইউনিয়নের কদম আলী মাদবর কান্দি গ্রামের জব্বার মাদবরের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের ভাষ্য, বিকট শব্দে বিস্ফোরণের পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে তারা ঘটনাস্থলে গিয়ে টয়লেটের ছাদ ভেঙে পড়া এবং পানির ট্যাংক ছিটকে পড়ার বিষয়টি দেখতে পান।

খবর পেয়ে জাজিরা থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। বিস্ফোরকটি কী ধরনের, কীভাবে সেখানে পৌঁছেছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে।

5e4461f2-f7c9-404a-9b50-e228b255ff6d

স্থানীয়রা জানান, এর আগের দিন উপজেলার বিলাসপুর ইউনিয়নে মালয়েশিয়াপ্রবাসী মো. আলী উজ্জামাল হাওলাদারের বাড়ির পেছনের সেপটিক ট্যাংকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় সেপটিক ট্যাংকের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়। সেখান থেকেও ককটেলের আলামত সংগ্রহ করে পুলিশ। টানা দুই দিনে দুটি পৃথক স্থানে বিস্ফোরণের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বেড়েছে।

741af3bf-5c87-4337-bd98-a37fc74c0fe2

স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক মাসে জাজিরার বিলাসপুর ইউনিয়নে একাধিক ককটেল বিস্ফোরণ, কবরস্থান থেকে বিপুলসংখ্যক তাজা ককটেল উদ্ধার এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ককটেল নিক্ষেপের ঘটনাও ঘটেছে। সর্বশেষ ধারাবাহিক বিস্ফোরণের ঘটনায় উপজেলার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

a72fda2d-c89e-4414-828c-6f2408fbdca4

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহম্মদ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিস্ফোরকটি আগে থেকেই সেখানে রাখা ছিল। রোদের তাপে সেটি বিস্ফোরিত হয়ে থাকতে পারে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

প্রতিনিধি/এসএস