জেলা প্রতিনিধি
২৯ জুলাই ২০২৬, ০৫:২৩ পিএম
রাজনৈতিক উত্তেজনার মধ্যে মৌলভীবাজার থেকে হবিগঞ্জের উদ্দেশে রওনা হওয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের বহর শ্রীমঙ্গলে আটকে দিয়েছে পুলিশ।
বুধবার (২৯ জুলাই) বিকেল ৪টার কিছু আগে মৌলভীবাজার সার্কিট হাউস থেকে এনসিপির নেতাদের বহনকারী গাড়িবহর হবিগঞ্জের উদ্দেশে রওনা হয়। পরে বিকেল সাড়ে ৪টার দিকে শ্রীমঙ্গলের চা-কন্যা এলাকায় পুলিশ তাদের গতিরোধ করে।
গাড়িবহরে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ দলের কেন্দ্রীয় নেতারা ছিলেন।

এর আগে মঙ্গলবার কর্মসূচি শেষে ফেরার পথে হবিগঞ্জ শহরে বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ করে এনসিপি। ওই ঘটনায় দলের কয়েকজন নেতাকর্মী আহত হন বলে দাবি করা হয়।

এ ঘটনার পর বিএনপি ও এনসিপির মধ্যে উত্তেজনার প্রেক্ষাপটে বুধবার সকাল থেকে হবিগঞ্জ পৌর এলাকায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।
হবিগঞ্জের এক পুলিশ কর্মকর্তা বলেন, সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রতিনিধি/এসএস