Dhaka Mail Logo

সারাদেশ

সোনারগাঁয়ে খাসির মাংসে পানি মিশিয়ে বিক্রি, জরিমানা ৭০ হাজার টাকা

জেলা প্রতিনিধি

২৯ জুলাই ২০২৬, ০৫:১৩ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় খাসির মাংসে পানি মিশিয়ে বিক্রির দায়ে আব্দুল বাতেন (৫৫) নামে এক মাংস ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৯ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম।

জরিমানাপ্রাপ্ত আব্দুল বাতেন উপজেলার বারদী ইউনিয়নের দৈলরদী গ্রামের মৃত এলাহী ব্যাপারীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ওই বাজারে মাংস বিক্রি করে আসছেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, খাসির মাংসে পানি মিশিয়ে বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাকে ৭০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়। পরে তিনি আদালতে অপরাধ স্বীকার করে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেন।

অভিযানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোছাম্মৎ নইফা বেগম, পেশকার বায়েজিদ, সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) পারভেজসহ পুলিশ সদস্যরা এবং ফিল্ড ফ্যাসিলিটেটর মো. ইকবাল হোসেন উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম বলেন, ভোক্তাদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাদ্য নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। পশুচিকিৎসকের ছাড়পত্র ছাড়া পশু জবাই এবং অনিয়মের মাধ্যমে মাংস বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এসএস