Dhaka Mail Logo

সারাদেশ

কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা

জেলা প্রতিনিধি

২৯ জুলাই ২০২৬, ০৩:৫৫ পিএম

ঠাকুরগাঁও সদর উপজেলার এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যের বিরুদ্ধে ফ্যামিলি কার্ড করে দেওয়ার প্রলোভন দেখিয়ে ১৫ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে অভিযুক্ত ইউপি সদস্য মো. আলাউদ্দীনের (৫৬) বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।

সোমবার (২৭ জুলাই) দুপুরে সদর উপজেলার চিলারং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চিলারং গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত আলাউদ্দীন ওই ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরীর বাবা পেশায় দিনমজুর। ঘটনার দিন সকালে তিনি অসুস্থ বড় মেয়েকে চিকিৎসার জন্য দিনাজপুরে নিয়ে যান। একই সময়ে কিশোরীর মা কাজের উদ্দেশে বাড়ির বাইরে গেলে কিশোরী বাড়িতে একা ছিল।

অভিযোগ অনুযায়ী, দুপুর দেড়টার দিকে ইউপি সদস্য আলাউদ্দীন তাদের বাড়িতে গিয়ে ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ফটোকপি চান। কিশোরী ফটোকপি দিলে তিনি পরিবারের অন্য সদস্যদের সম্পর্কে জানতে চান। পরে বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে ঘরে প্রবেশ করে কিশোরীর শরীরে স্পর্শ করেন এবং ধর্ষণের চেষ্টা করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

f40a30de-b3f0-495d-bd39-523cb36ed930

এ সময় আত্মরক্ষার জন্য কিশোরী খাটের নিচে লুকিয়ে পড়ে। পরে সুযোগ বুঝে ঘর থেকে বের হয়ে চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসে। স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত সেখান থেকে চলে যান।

পরে কিশোরীর বাবা বাড়ি ফিরে মেয়ের গলায় আঁচড়ের দাগ ও শারীরিক অসুস্থতা দেখে তাকে ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

এজাহারে বলা হয়েছে, ঘটনার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি নিয়ে অভিযুক্তের সঙ্গে কথা বলতে গেলে তিনি অভিযোগ অস্বীকার করেন এবং তাদের হুমকি দেন।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান আলী বলেন, ভুক্তভোগীর বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। অভিযুক্তকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

পুলিশ জানিয়েছে, মামলার তদন্তের পাশাপাশি অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

প্রতিনিধি/এসএস