Dhaka Mail Logo

সারাদেশ

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেফতার

জেলা প্রতিনিধি

২৯ জুলাই ২০২৬, ০৩:১১ পিএম

যশোরের ঝুমঝুমপুর এলাকায় চেকপোস্টে অভিযান চালিয়ে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত ডেভিড ইমনকে তিন সহযোগীসহ গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পুলিশকে জানিয়েছেন, যশোর সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। পরে বুধবার সকাল ১০টার দিকে তাদের চট্টগ্রাম জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার ভোররাত তিনটার দিকে যশোর-নড়াইল মহাসড়কের ঝুমঝুমপুর এলাকায় অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে জেলা গোয়েন্দা (ডিবি) ও থানা পুলিশের যৌথ চেকপোস্টে অভিযান চালিয়ে ডেভিড ইমন ও তার তিন সহযোগীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া অন্য তিনজন হলেন—ঢাকার শ্যামপুর থানার পরী মোল্লারবাগ, জুরাইন এলাকার জাফরের ছেলে আল ইসলাম আলিফ তমাল (২৫), কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার মৃত আব্দুল মান্নানের ছেলে শামিম (২৮), যিনি বর্তমানে ঢাকার মতিঝিল থানার আর.কে মিশন রোড এলাকায় বসবাস করেন এবং নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার সাহারপাড়া গ্রামের মৃত বেলায়েত হোসেনের ছেলে সাফায়েত হোসেন (২৮), বর্তমানে যাত্রাবাড়ীর গোলাপবাগ এলাকায় বসবাস করেন।

e3cf44fd-92c2-4abb-98c4-f7d4fa14ac1c

পুলিশ সুপার বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা জানিয়েছেন, তারা যশোর হয়ে ভারতে পালিয়ে যাওয়ার উদ্দেশে রওনা হয়েছিলেন। গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বুধবার সকাল ১০টার দিকে তাদের চট্টগ্রাম জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

জানা গেছে, ডেভিড ইমন বিদেশে পলাতক আরেক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের অন্যতম সহযোগী। তার বিরুদ্ধে অন্তত ১৫টি মামলা রয়েছে। চট্টগ্রামে গত কয়েক বছর ধরে বেশি কিছু চাঁদাবাজি ও হুমকির ঘটনায় তার নাম আলোচনায় আসে।

ইমন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকার বাসিন্দা। তার বাবার নাম মো. মুসা। পুলিশের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ৩০ মার্চ বাকলিয়া এলাকার জোড়া খুন এবং একই বছরের ২৩ মে রাতে নগরের পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকায় সন্ত্রাসী ঢাকাইয়া আকবর হত্যা মামলাসহ মোট সাতটি মামলার আসামি তিনি।

cf48a343-fbb1-42a3-b2c2-2fca9b9c0830

পুলিশের দাবি, বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের হয়ে বর্তমানে চট্টগ্রামে অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনায় নেতৃত্ব দিচ্ছেন দুজন। তাদের একজন ডেভিড ইমন। এর আগে দেশে এই দলের নেতৃত্ব দিতেন সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ। তিনি বর্তমানে কারাগারে থাকায় মোবারক হোসেন ও মোহাম্মদ রায়হান দলটির নেতৃত্বে রয়েছেন। রায়হানের বিরুদ্ধেও চাঁদাবাজি, অস্ত্র ও হত্যাসহ বিভিন্ন অভিযোগে অন্তত আটটি মামলা রয়েছে।

প্রতিনিধি/এমআর/এমআই