Dhaka Mail Logo

সারাদেশ

চাঁদপুরে অনিয়মের দায়ে দুই প্রতিষ্ঠানের ৬০ হাজার টাকা জরিমানা

জেলা প্রতিনিধি

২৯ জুলাই ২০২৬, ০২:৫৬ পিএম

চাঁদপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন এবং বিস্ফোরক অধিদফতরের লাইসেন্স ছাড়া এলপিজি গ্যাস সিলিন্ডার মজুত ও বিক্রির দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

বুধবার (২৯ জুলাই) দুপুরে শহরের ওয়াপদা গেট ও প্রেস ক্লাব রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল ইমরান।

8f49c148-66a6-45f4-99f8-76947a367fe0

তিনি জানান, অভিযানের সময় মেসার্স অয়ন এন্টারপ্রাইজে বিস্ফোরক অধিদফতরের বৈধ লাইসেন্স ছাড়াই প্রায় এক হাজার ২০০টি এলপিজি গ্যাস সিলিন্ডার মজুত ও বিক্রি করতে দেখা যায়। এ ছাড়া মূল্যতালিকা প্রদর্শন না করা এবং ট্রেড লাইসেন্সে উল্লেখিত ঠিকানার বাইরে অন্য স্থানে ব্যবসা পরিচালনার অভিযোগও প্রমাণিত হয়। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

9b20f7a2-29eb-4514-942f-a39bd9eaf548

অন্যদিকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের দায়ে ‘ওয়ান মিনিট’ নামের একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে প্রতিষ্ঠানটির মিষ্টির শিরায় তেলাপোকার বিষ্ঠা, খাদ্যদ্রব্যের সঙ্গে সিগারেট সংরক্ষণ এবং প্লাস্টিকের ড্রামে গরম শিরা রাখার মতো স্বাস্থ্যঝুঁকিপূর্ণ অনিয়মের প্রমাণ পাওয়া যায়।

a6cca192-e181-44bf-98a3-72d286917c22

সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল ইমরান বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠান দুটিকে জরিমানা করা হয়েছে। তারা তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেছে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার লিখিত অঙ্গীকার দিয়েছে।

অভিযানে জেলা পুলিশের একটি দল সার্বিক নিরাপত্তা ও সহযোগিতা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের তদারকি কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।

প্রতিনিধি/এসএস