Dhaka Mail Logo

সারাদেশ

সুন্দরবন রক্ষায় বাঘ সংরক্ষণের বিকল্প নেই

জেলা প্রতিনিধি

২৯ জুলাই ২০২৬, ০১:৩৮ পিএম

বিশ্ব বাঘ দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা বলেছেন, রয়েল বেঙ্গল টাইগার শুধু বাংলাদেশের জাতীয় গর্ব নয়, সুন্দরবনের পরিবেশগত ভারসাম্য রক্ষার অন্যতম প্রধান উপাদান। তাই সুন্দরবন ও বাঘ রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

বুধবার (২৯ জুলাই) সকাল ১১টায় উপজেলার বুড়িগোয়ালিনী সিপিজি কার্যালয়ে সাতক্ষীরা সহ-ব্যবস্থাপনা কমিটি (সিএমসি) ও সুন্দরবন পশ্চিম বন বিভাগ যৌথভাবে এ আলোচনা সভার আয়োজন করে।

সিএমসির সভাপতি মাহামুদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বুড়িগোয়ালিনী স্টেশনের স্টেশন কর্মকর্তা (এসও) এরফান উদ্দিন। সিএমসি সদস্য আবু ফরিদের সঞ্চালনায় বক্তব্য দেন ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়ুব আলী, কলাগাছিয়া বনবিভাগ কেন্দ্রের ইনচার্জ সুলজ কুমার দ্বীপ, ফরেস্ট জামে মসজিদের ইমাম রেজাউল করিম, সিপিজি সদস্য পঞ্চি রানী ও রুহুল আমিন, সিএমসি সদস্য আব্দুর রশিদ এবং উপকূল প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন, বন উজাড়, মানুষ–বন্যপ্রাণীর সংঘাত এবং বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডের কারণে সুন্দরবনের বাঘের আবাসস্থল ক্রমেই হুমকির মুখে পড়ছে। এই সংকট মোকাবিলায় বন বিভাগের পাশাপাশি সহ-ব্যবস্থাপনা কমিটি, সামাজিক সংগঠন ও স্থানীয় জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

তারা আরও বলেন, সুন্দরবন টিকে থাকলে উপকূলীয় জীববৈচিত্র্য, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার সক্ষমতা এবং লাখো মানুষের জীবিকা সুরক্ষিত থাকবে। তাই বাঘ সংরক্ষণকে শুধু একটি প্রাণী রক্ষার উদ্যোগ হিসেবে নয়, বরং সুন্দরবনের সামগ্রিক পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের আন্দোলন হিসেবে দেখতে হবে।

সভায় বক্তারা বিশ্ব বাঘ দিবসের প্রতিপাদ্য ‘সবাই হই সচেতন, বাঘ করি সংরক্ষণ’ বাস্তবায়নে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান।

প্রতিনিধি/এসএস