জেলা প্রতিনিধি
২৯ জুলাই ২০২৬, ১১:২৭ এএম
হবিগঞ্জে এনসিপি এবং পৌর বিএনপি ও ছাত্রদলের পাল্টাপাল্টি সমাবেশ ঘিরে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। বুধবার জেলা ম্যাজিস্ট্রেট ড. জি এম সরফরাজ এ আদেশ জারি করেন।
আদেশে বলা হয়, বুধবার হবিগঞ্জ পৌর এলাকায় এনসিপি বিক্ষোভ সমাবেশ ও পথসভা আহ্বান করেছে।
অপরদিকে হবিগঞ্জ সদর উপজেলা, হবিগঞ্জ পৌর বিএনপি এবং হবিগঞ্জ জেলা ছাত্রদল একই সময়ে ও একই স্থানে পাল্টা প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে। দুই সংগঠনের কর্মসূচি ঘিরে উত্তেজনা বিরাজমান করছে। এতে যেকোনো সময় সংঘর্ষ, জানমালের ক্ষয়ক্ষতি, জনশান্তি বিনষ্ট ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে।
ওই আদেশে বলা হয়, হবিগঞ্জ পৌর এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অবিলম্বে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা জনস্বার্থে একান্ত প্রয়োজন। এরই প্রেক্ষিতে ১৪৪ ধারা জারি করেন জেলা ম্যাজিস্ট্রেট।
হবিগঞ্জ পৌর এলাকায় ৫ বা তার অধিক লোকের সমাবেশ, জনসভা, মাইকিং, মিছিল, স্লোগান, পিকেটিং ইত্যাদির ওপর পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
মঙ্গলবার হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ ও সমাবেশ শেষে দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও মুখ্য সংগঠক সারজিস আলমের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় বিএনপি ও ছাত্রদলকে দায়ী করেছে সংগঠনটি।
তবে জেলা ছাত্রদল এ অভিযোগ অস্বীকার করেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সমাবেশ শেষে বিকাল ৫টার দিকে জেলা শহরের স্টাফ কোয়ার্টার এলাকায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। চালক দ্রুত গাড়ি চালিয়ে সার্কিট হাউসে পৌঁছান।
এর কিছুক্ষণ পর পেছনে থাকা সারজিস আলমের গাড়িকেও ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ করা হলে তিনি শহরের সোনালী ব্যাংক ভবনে আশ্রয় নেন। সেখানে প্রায় এক ঘণ্টা অবস্থানের পর পুলিশ তাকে উদ্ধার করে সার্কিট হাউসে নিয়ে যায়।
পরে রাত ১০টার দিকে পুলিশ প্রটোকলে নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলম ঢাকার উদ্দেশে রওনা দেন।
প্রতিনিধি/এলএ