জেলা প্রতিনিধি
২৮ জুলাই ২০২৬, ১০:৫৩ পিএম
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পৃথক ঘটনায় এক গৃহবধূর আত্মহত্যা এবং এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গৃহবধূর মৃত্যুকে স্বামীর সঙ্গে অভিমানের জেরে আত্মহত্যা বলা হলেও বৃদ্ধের মৃত্যুর ঘটনায় রহস্য তৈরি হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) ময়নাতদন্ত শেষে নিহত দুজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে আখাউড়া উপজেলার উত্তর ইউনিয়নের রামধননগর গ্রামের পশ্চিমপাড়া ভোলাপুকুর এলাকায় স্বামীর বাড়িতে রিয়া মনি (১৯) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের আটলা গ্রামের মোবারক মিয়ার মেয়ে এবং জাহিদ হোসেনের স্ত্রী।

স্বজনদের দাবি, পারিবারিক কলহের জেরে স্বামীর সঙ্গে অভিমান করে ঘরের তীরের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন রিয়া। ঘটনার সময় তার স্বামী পাশের কক্ষে দুই সন্তানকে নিয়ে ঘুমিয়ে ছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের বাবা মোবারক মিয়া জানান, প্রায় পাঁচ বছর আগে পারিবারিকভাবে জাহিদ হোসেনের সঙ্গে রিয়ার বিয়ে হয়। তাদের দুটি সন্তান রয়েছে। বিয়ের সময় তিনি দুই লাখ টাকা দিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশা কিনে দেন এবং পরবর্তীতেও বিভিন্ন সময়ে আর্থিক সহযোগিতা করেন। তার অভিযোগ, জাহিদ অটোরিকশা না চালিয়ে মাদকাসক্ত হয়ে পড়েন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই বিরোধ হতো। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।
এদিকে, সোমবার (২৭ জুলাই) রাতে আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের বড় টনকি গ্রামের বজলু রহমানের দিঘির পূর্ব-দক্ষিণ পাড়ের একটি আমগাছ থেকে মো. মাহফুজ ভূইয়া (৬৫) নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। মাহফুজ ভূইয়া ওই গ্রামের মৃত ফিরোজ মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, দুই-তিন মাস আগে মাহফুজ ভূঁইয়া ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর থেকে মানসিকভাবে অসুস্থ ছিলেন। তবে নিহতের ছেলে আনোয়ার হোসেন দাবি করেন, তার বাবা আত্মহত্যা করতে পারেন না। তাকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিচারের দাবি জানান।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম বলেন, গৃহবধূর ঘটনায় স্বামীর সঙ্গে অভিমান করে আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। তবে বৃদ্ধ মাহফুজ ভূঁইয়ার মৃত্যুর বিষয়টি রহস্যজনক। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় থানায় দুটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।
প্রতিনিধি/এসএস