Dhaka Mail Logo

সারাদেশ

সংরক্ষিত বনভূমিতে পানের বরজ উচ্ছেদ: কক্সবাজারে বনকর্মীদের ওপর হামলা

জেলা প্রতিনিধি

২৮ জুলাই ২০২৬, ১০:২৬ পিএম

কক্সবাজারের রামুতে সংরক্ষিত বনভূমিতে অবৈধভাবে গড়ে ওঠা পানের বরজ উচ্ছেদ অভিযানে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। মামলায় ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৮০ থেকে ৯০ জনকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) কক্সবাজার দক্ষিণ বন বিভাগের পানেরছড়া রেঞ্জের বিট কর্মকর্তা গোলাম মোস্তফা বাদী হয়ে রামু থানায় মামলাটি দায়ের করেন।

মামলায় রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের সমিতিপাড়া এলাকার ১৭ জন বাসিন্দার নাম উল্লেখ করা হয়েছে।

069b35e7-0b35-4b70-9154-5fe8f7f4815d

বন বিভাগ সূত্রে জানা যায়, সোমবার (২৭ জুলাই) সকাল ১০টার দিকে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের পানেরছড়া রেঞ্জ এলাকায় সংরক্ষিত বনভূমিতে অবৈধভাবে স্থাপন করা পানের বরজ উচ্ছেদে অভিযান চালানো হয়। এ সময় বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার অভিযোগ ওঠে।

8488f4a3-ec8f-4f5e-89c2-b3b307c47519

বন বিভাগের দাবি, সংরক্ষিত বনভূমি দখল করে গড়ে তোলা অবৈধ পানের বরজ উচ্ছেদ করতে গেলে একদল দখলদার সংঘবদ্ধভাবে হামলা চালায়। এতে পানেরছড়া রেঞ্জ কর্মকর্তা শরিফুল আলম, ফরেস্ট গার্ড হুমায়ুন কবির, বাগানমালি সাইদুল ইসলাম, মো. সাজিদ এবং ইমার্জেন্সি রেসপন্স টিমের (ইআরটি) সদস্য মিজানুর রহমান আহত হন।

এ সময় অভিযানে ব্যবহৃত সরকারি সরঞ্জামও ক্ষতিগ্রস্ত করা হয়েছে বলে অভিযোগ করেছে বন বিভাগ।

4e477e2a-427c-4ab3-8418-4ca5cf83d9ab

আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত রেঞ্জ কর্মকর্তা শরিফুল আলমের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে বন বিভাগ।

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আব্দুল্লাহ আল মামুন বলেন, সরকারি দায়িত্ব পালনকালে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার ঘটনায় মামলা করা হয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

5273311b-55a3-419d-a3fe-0f399ecf8071

এদিকে সংরক্ষিত বনভূমি দখল করে অবৈধ পানের বরজ স্থাপন এবং উচ্ছেদ অভিযানে বনকর্মীদের ওপর হামলার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

প্রতিনিধি/এসএস