Dhaka Mail Logo

সারাদেশ

নেত্রকোনায় এনসিপি নেতাকে মারধর, থানায় লিখিত অভিযোগ

জেলা প্রতিনিধি

২৮ জুলাই ২০২৬, ০৯:৩২ পিএম

নেত্রকোনার খালিয়াজুড়িতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সংগঠক ও নেত্রকোনা পৌরসভা নির্বাচনে দলীয় মেয়র প্রার্থী মো. সোহাগ মিয়া প্রীতমের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিএনপির কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে নেত্রকোনা সদর মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন তিনি।

এনসিপির ‘জুলাই পদযাত্রা ও পথসভা’ কর্মসূচিকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে বলে দাবি করেন প্রীতম। হামলার প্রতিবাদে মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে নেত্রকোনা শহরের মোক্তারপাড়ায় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে এনসিপি।

সমাবেশে এনসিপির নেতারা অভিযোগ করেন, জেলা বিএনপির নেতা ও নেত্রকোনা পৌরসভা নির্বাচনের সম্ভাব্য মেয়র প্রার্থী আবদুল্লাহ আল মামুন খান (রনি)-এর নির্দেশে তার চাচাতো ভাই জেলা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন খান চঞ্চলের নেতৃত্বে একদল লোক সোহাগ মিয়া প্রীতমের ওপর হামলা চালায়।

লিখিত অভিযোগে প্রীতম উল্লেখ করেন, গত ২৪ জুলাই নেত্রকোনা কালেক্টরেট মাঠে অনুষ্ঠিত এনসিপির ‘জুলাই পদযাত্রা ও পথসভা’ কর্মসূচিতে অংশ নেওয়া কয়েকটি পরিবারের ওপর হামলা, ভয়ভীতি প্রদর্শন ও নির্যাতনের অভিযোগ ওঠে। এসব পরিবারের সঙ্গে কথা বলতে এবং তাদের আশ্বস্ত করতে ২৭ জুলাই রাতে কয়েকজন নেতাকর্মীকে সঙ্গে নিয়ে তিনি নেত্রকোনা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে দেখা করেন।

e026003c-a15a-4e41-98d3-f2b20374852b

অভিযোগে বলা হয়, থানা থেকে বের হয়ে ভুক্তভোগীদের সঙ্গে দেখা করে ফেরার পথে এক নারী কর্মীর অনুরোধে তার বাড়িতে গেলে বিএনপি নেতা আফাজ উদ্দিন খান চন্দন ও ইসলাম উদ্দিন খান চঞ্চলের নেতৃত্বে ২০ থেকে ৩০ জন ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে প্রীতমের মাথা, চোখ, ঘাড়, পিঠ ও পায়ে আঘাত লাগে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

বর্তমানে তিনি নেত্রকোনা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

মো. সোহাগ মিয়া প্রীতম নেত্রকোনা পৌর শহরের কুড়পাড় এলাকার বাসিন্দা। তিনি এনসিপির কেন্দ্রীয় সংগঠক এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে নেত্রকোনা পৌরসভার দলীয় মেয়র প্রার্থী।

তবে অভিযোগ অস্বীকার করেছেন বিএনপি নেতা আবদুল্লাহ আল মামুন খান (রনি)। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জেনেছেন। তার বিরুদ্ধে কোনো লিখিত অভিযোগ করা হয়নি। অভিযোগে যাদের নাম উল্লেখ করা হয়েছে, তাদের মধ্যে কয়েকজন তার চাচাতো ভাই হলেও ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততা নেই।

রনি দাবি করেন, রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে তাকে জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে। তিনি আরও বলেন, অভিযোগকারী প্রীতম এর আগেও বিভিন্ন রাজনৈতিক নেতার সমালোচনা করেছেন এবং বিষয়টি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হতে পারে।

নেত্রকোনা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, এনসিপি নেতার ওপর হামলার ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এসএস